চোখের জলে শেষ শ্রদ্ধা ভৈরববাসীর
বিনম্র ভালোবাসা আর চোখের জলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভৈরববাসী। গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টায় রাষ্ট্রপতির মরদেহবাহী হেলিকপ্টারটি ভৈরবের আকাশে প্রবেশ করে। তখন হাজী আসমত কলেজ মাঠে অপেক্ষমাণ লাখো মানুষ আকাশপানে তাকিয়ে চোখের জল ফেলেন।১০টায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ভৈরবসহ ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ ও আশপাশের এলাকার মানুষ অংশ নেন। আলোচনার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ, নরসিংদীর বেলাব-মনোহরদী আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুলাহ মিয়া, সাধারণ সম্পাদক আবুল মনসুর, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ। মূল মাঠে স্থান না হওয়ায় কয়েক হাজার মানুষ মহাসড়কে এবং বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন। রাষ্ট্রপতির ছেলে স্থানীয় সাংসদ নাজমুল হাসান বাবার জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আমার বাবা সারা জীবন আপনাদের প্রাণভরে ভালোবেসে গেছেন। শত্রুকেও প্রতিপক্ষ ভাবেননি। কারও ক্ষতি করেননি। মানুষের কথা ভেবে রাজনীতি করে গেছেন।’ তখন পুরো মাঠে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজা শেষে পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। ফুল দিয়ে ভৈরবের সর্বস্তরের মানুষ নেতাকে শেষ শ্রদ্ধা জানান। এর আগে স্টেডিয়াম মাঠে রাষ্ট্রপতির মরদেহ গ্রহণ করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম ও ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুলাহ মিয়া। স্টেডিয়াম মাঠ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় কফিনটি ভৈরব হাজী আসমত কলেজ মাঠে আনা হয়। রাষ্ট্রপতি হওয়ার পর ২০০৯ সালের ১৩ জুলাই এই কলেজ মাঠ থেকেই তিনি নাগরিক সংবর্ধনা গ্রহণ করেছিলেন। এর আগে ১৯৯৬ সালে স্থানীয় সরকার মন্ত্রী হওয়ার পর একই মাঠে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ জানান, রাষ্ট্রীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গতকাল কুমিল্লা সেনানিবাস থেকে সেনাবাহিনী ও ঢাকা থেকে এসএসএফের একটি বিশেষ দল ভৈরবে আসে। ভৈরব প্রেসক্লাবে সর্বদলীয় সভা হয়।বেলা পৌনে ১১টায় রাষ্ট্রপতির মরদেহবাহী হেলিকপ্টারটি ভৈরবের আকাশ ছেড়ে যায়। ওই সময় আবার জনতা আকাশপানে তাকিয়ে ভৈরব থেকে তাঁকে শেষ বিদায় জানান।