চোখের জলে 'সেন বাবুকে' বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্তর মরদেহ গতকাল দিরাইয়ের আনোয়ারপুরে নিজ বাড়িতে পৌঁছালে অনেক মানুষ শেষ একনজর তাদের নেতাকে দেখার জন্য সেখানে ভিড় করেন l ছবি: আনিস মাহমুদ
সুরঞ্জিত সেনগুপ্তর মরদেহ গতকাল দিরাইয়ের আনোয়ারপুরে নিজ বাড়িতে পৌঁছালে অনেক মানুষ শেষ একনজর তাদের নেতাকে দেখার জন্য সেখানে ভিড় করেন l ছবি: আনিস মাহমুদ

প্রিয় নেতাকে হারিয়ে শোকে কাতর সুনামগঞ্জের হাওর-অধ্যুষিত দিরাই উপজেলার ছোট্ট ছিমছাম শহর দিরাই। ঘরবাড়ি, দোকানপাট সব জায়গায় উড়ছে কালো পতাকা। গতকাল সোমবার সকাল থেকে এখানকার একটি বাড়িতে আসতে থাকে দিরাই-শাল্লা ছাড়াও সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ। শহরের থানা রোডের এই বাড়িটি সুরঞ্জিত সেনগুপ্তের। গতকাল সোমবার দিন শেষে প্রিয় ‘সেন বাবুকে’ চোখের জলে বিদায় জানিয়েছে এলাকাবাসী। জন্মভিটায় সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য।
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাতবারের নির্বাচিত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত গত রোববার ভোরে মারা যান ঢাকার ল্যাবএইড হাসপাতালে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
ঢাকা থেকে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহবাহী হেলিকপ্টার সিলেট, সুনামগঞ্জ ও শাল্লা উপজেলা হয়ে বিকেল চারটায় এসে পৌঁছায় দিরাই শহরের হেলিপ্যাডে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় শহরের জগন্নাথ মন্দিরে। এরপর তাঁর বাড়িতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর নেওয়া হয় পার্শ্ববর্তী বালুর মাঠে। সেখানে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘ঢাকা থেকে আসার সময় আমাকে বলা হয়েছিল, আমার সঙ্গে আর কোনো আত্মীয়স্বজন এখানে আসবেন কি না। আমি বলেছিলাম, আমি যেখানে যাচ্ছি সেই দিরাই-শাল্লার সব মানুষ আমার বাবার আত্মীয়, সেই সূত্রে আমারও। আপনারা বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।’
মাঠে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ আবার আনা হয় সুরঞ্জিত সেনগুপ্তের বাড়িতে। দিনের আলো নিভে যাওয়ার পর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জন্মভিটায় তৈরি করা চিতায় তোলা হয় তাঁর মরদেহ। এর কিছুক্ষণ পর শুরু হয় শেষকৃত্যানুষ্ঠান।
শ্রদ্ধা নিবেদন
সিলেট প্রতিনিধি জানান, বেলা ১১টার একটু আগে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহবাহী হেলিকপ্টার সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে হাজার হাজার মানুষ তাঁকে শ্রদ্ধা জানায়। শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা চলাকালে শোক প্রকাশ করে বক্তব্য দেন চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ শাহাব উদ্দিন, সাংসদ পংকজ দেবনাথ, আবদুল মজিদ খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, আহমদ হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। এ ছাড়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাংসদ মুহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ নিয়ে আওয়ামী লীগের নেতারা হেলিকপ্টারযোগে সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেন।
বেলা একটায় সিলেট থেকে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহবাহী হেলিকপ্টার সুনামগঞ্জ পুলিশ লাইন মাঠে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় পৌর শহরের শহীদ স্মৃতিসৌধে। স্মৃতিসৌধে রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সুরঞ্জিত সেনগুপ্তের বাড়িতে হাজারো মানুষের ভিড়ে বারান্দার এক কোণে চেয়ারে চুপচাপ বসে ছিলেন উপজেলার করিমপুর ইউনিয়নের চানপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ধনঞ্জয় দাস (৭২)। হাতে লাঠি, শরীর কাঁপছে। ফ্যালফ্যাল করে তাকাচ্ছেন এদিক-ওদিক। সুরঞ্জিত সেনগুপ্তের নাম বলতেই চোখের পানি ছেড়ে দেন। কাঁপা কাঁপা গলায় বলেন, ‘একসঙ্গে স্কুলে পড়েছি, রাজনীতি করেছি। বাড়িতে এলেই আসার ডাক পড়ত। ঘণ্টার পর ঘণ্টা আলাপ হতো। আর তো মানুষটার সঙ্গে কোনো দিন দেখা হবে না, তাই শেষ বিদায় জানাতে এলাম।’