চোখের জলেই ভাগাভাগি
ছোট-বড় সবার মনে বইছে আনন্দের জোয়ার। রোজার শেষে ঈদ সবার মনে জাগে আলাদা অনুভূতি। প্রত্যেকের নতুন জামাকাপড় আর বাড়িতে একটু ভালো খাবার। সারা দেশের মানুষ ঈদ নিয়ে এখন আনন্দে মেতে উঠেছে। এমন আনন্দের ধারা শুধু নেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের বন্যাকবলিত পানিবন্দী লক্ষাধিক মানুষের মনে। তারা রয়েছে অবর্ণনীয় দুর্ভোগে। তাদের কাছে ‘ঈদ’ বাড়তি কোনো তাৎ পর্য বহন করছে না। ঈদ ঘিরে তাদের কোনো প্রস্তুতিও নেই। বেঁচে থাকাটায় তাদের কাছে সবচেয়ে বড় যুদ্ধ। খেয়ে না-খেয়ে এক মাস রোজা রেখেছে। ঈদগাহে জামাতে নামাজ পড়বে, সে জায়গাটুকুও খালি নেই। চারদিকে পানি আর পানি। আর ঈদ আনন্দের নতুন পোশাক, ভালো খাবার যেন এ অঞ্চলের মানুষের জন্য সোনার হরিণ। গত রোববার বন্যাকবলিত এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।এ উপজেলার চরাঞ্চলের চার ইউনিয়নের ৫০টি গ্রাম এক মাস ধরে পানিবন্দী রয়েছে। লক্ষাধিক মানুষ অবর্ণনীয় দুঃখকষ্টে দিন কাটালেও ঈদ যেন তাদের মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। দুই বেলা দুমুঠো খাবার জোটানো তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। ছেলেমেয়েদের জন্য ঈদে নতুন পোশাক কিনে দেবে, ভালো খাবার রান্না করে খাওয়াবে—এটা তাঁদের কাছে দুঃস্বপ্ন বলে মনে করেন রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যাকবলিত সোনাতলা গ্রামের এলাহী বক্স। একই ইউনিয়নের চরপাড়া গ্রামে এক মাস ধরে পরিবার নিয়ে নৌকার ওপর বাস করছেন আমিন উদ্দিন। খেয়ে না-খেয়ে ছেলেমেয়ে নিয়ে নৌকার মধ্যে কোনো রকম বেঁচে আছেন। বেঁচে থাকা যেখানে কষ্টসাধ্য, সেখানে ঈদই বা কিসের আর আনন্দই বা কিসের। এ রকম অসংখ্য অসহায় মানুষ তাদের দুঃখ-দুর্দশা নিয়ে বেঁচে থাকলেও ঈদ তাদের কাছে মরীচিকার মতো। তার পরও সব দুঃখকষ্ট ভুলে দুর্গত মানুষেরা ঘরে ঘরে ঈদের আনন্দ চোখের জলেই ভাগাভাগি করে নেয়।