
টিনের ছাউনি দেওয়া দুই কামরার একটি ঘর। ভেতরে বিছানায় বসে বিলাপ করছিলেন ফোরকানা বেগম (৩২)। পাশে বসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন স্বজনেরা। নির্বাক হয়ে পাশে বসে ছিল তাঁর বড় মেয়ে ফাতেমা। কিছুক্ষণ পর মায়ের সঙ্গে ফাতেমাও কান্নায় ভেঙে পড়ে। দুজনকে কোনোভাবেই শান্ত করা সম্ভব হচ্ছিল না।
ফোরকানা বেগম কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কোনাপাড়া গ্রামে ২ অক্টোবর বজ্রপাতে নিহত নুরুল হুদার স্ত্রী। নুরুল হুদা ছাড়াও ওই বজ্রপাতের ঘটনায় আরও দুজন মারা যান। তাঁদের বাড়িতে ঈদের আনন্দের ছিটেফোঁটাও নেই। এসব বাড়িতে চলছে শুধুই মাতম।
৬ অক্টোবর সকালে কোনাপাড়া গ্রামে নুরুল হুদার বাড়িতে গিয়ে দেখা যায়, ফোরকানা বেগম বিলাপ করতে করতে বলছেন, ‘কোরবানির পশু কেনার কথা ছিল, দুবার হাটেও গেছেন। কিন্তু মানুষটাই হারিয়ে গেলেন। আমার সন্তানদের ঈদ শেষ হয়ে গেছে।’
নরুল হুদা ছাড়াও ওই বজ্রপাতের ঘটনায় খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার আবদুল খালেকের ছেলে আলী আহমদ (৫৫), ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকার মৃত ফজর আলীর ছেলে আজগর আলী (৩৫) মারা যান। নিহত তিনজনই চকরিয়ার বন পাহারা দলের সদস্য। ঈদের দিন বেলা সাড়ে ১১টায় পাগলিরবিলের আজগর আলীর বাড়ি গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী মোস্তফা মনি (২৮) কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছেন। জ্ঞান ফিরলে বিলাপ করে তিনি বলতে থাকেন, ‘ছেলেকে নতুন জামা কিনে দিবে বলেছিল। এখন ঈদ এসে গেল, আমার ছেলের নতুন জামা কই? কেন আমাদের এভাবে রেখে চলে গেলে?’
একই অবস্থা আলী আহমদের পরিবারেও। দাদুকে সারাক্ষণই খঁুজে বেড়াচ্ছে আলী আহমদের নাতনি দিলফুরুজ (৮)। দাদুর কথা জিজ্ঞেস করতেই সে বলে, ‘দাদু আল্লাহর কাছে গেছে, আজই (ঈদের দিন) বাড়িতে আসবে! আমার জন্য পাখি ড্রেস আনবে, নতুন স্যান্ডেল আনবে।’ ছোট্ট শিশুর মুখে এসব কথা শুনে উপস্থিত স্বজনেরা আর কান্না ধরে রাখতে পারেননি।
উল্লেখ্য, বন পাহারা দিতে গিয়ে ২ অক্টোবর দুপুর ১২টায় বজ্রপাতে নিহত হন বন পাহারা দলের তিন সদস্য আলী আহমদ, আজগর আলী ও নুরুল হুদা। তিনজনই তাঁদের পরিবারের উপাজনক্ষম ব্যক্তি ছিলেন।