চোখের পানিতে চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা গতকাল শনিবার চোখের পানিতে চিরবিদায় জানাল তাদের প্রিয় শিক্ষক তাহেরা বেগমকে।
তাহেরা বেগম কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক। গত শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় কক্সবাজারগামী বাস ও চট্টগ্রামগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তাহেরা বেগম (৫০) ও তাঁর মেয়ে তাসমিয়া ইসমাইলসহ (২৬) চারজন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাহেরার একমাত্র ছেলে আদনান মাহমুদ রাজিব (২৩)।
তাহেরা বেগম কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার মরহুম মোহাম্মদ ইসমাইল চৌধুরীর স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, তাহেরা বেগম দুই ছেলেমেয়েকে নিয়ে শুক্রবার সকালে বাড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন মেয়ে তাসমিয়ার বিয়ে উপলক্ষে। ২৪ জানুয়ারি চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে তাঁর মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তাসমিয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্রী ছিলেন। বর অস্ট্রেলিয়াপ্রবাসী প্রকৌশলী ফাহমিদুল হাছান। ৪ ফেব্রুয়ারি নববধূকে নিয়ে তাঁর অস্ট্রেলিয়া ফেরার কথা ছিল। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা সবকিছু এলোমেলো করে দিল।
গতকাল সকাল নয়টায় মা-মেয়ের লাশ স্কুল প্রাঙ্গণে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। এ সময় স্কুলের শিক্ষকেরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। তাসমিয়া এই বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। মা-মেয়ের করুণ মৃত্যুতে শহরজুড়ে নেমে আসে শোকের ছায়া।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির বলেছে, ‘তাহেরা ম্যাডাম আমাদের কাছে ছিলেন মায়ের মতো। তিনি পরম স্নেহে আমাদের পড়াতেন।’ এই বলেই কান্নায় ভেঙে পড়ে সাব্বির।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রমজান আলী বলেন, ‘তাহেরা ম্যাডাম সবার কাছে অতি প্রিয় মানুষ ছিলেন। তাঁর শূন্যতা পূরণ করা কঠিন হবে।’
গতকাল বেলা ১১টায় শহরের পুলিশ লাইন মাঠে মা-মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পাশের বদরমোকাম জামে মসজিদ কবরস্থানে মা-মেয়ের লাশ দাফন করা হয়।