চোখের পানিতে চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত ১৩ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো এসে পৌঁছায়। পরে সেখান থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামের অ্যাম্বুলেন্সে করে লাশগুলো নিয়ে গ্রামের বাড়িতে রওনা হন স্বজনেরা।নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, তিনজনের চাঁদপুরে এবং তিনজনের চট্টগ্রামে। বাকি দুজন নোয়াখালী ও কুমিল্লার।নবীনগরের পাঁচজনের লাশ গত মঙ্গলবার গভীর রাতে তাঁদের গ্রামের বাড়িতে পৌঁছায়। তাঁরা হলেন, ওয়ালী গ্রামের আবু নাছের মিয়ার ছেলে জসিম (৪০), কাইতলা গ্রামের শহীদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম ওরফে সুজন (২৫) ও স্বপন মিয়া (২১), বিটঘর ইউনিয়নের গুঁড়িগ্রামের আবুল বাশারের ছেলে মো. আনোয়ার হোসেন (২৫) ও ভৈরবনগর গ্রামের চাঁদ মিয়ার ছেলে জারু মিয়া (৩৫)।গতকাল সকালে কাইতলা গ্রামে গিয়ে দেখা যায়, স্বজনদের পাশাপাশি এলাকাবাসীও কাঁদছে। বেলা সাড়ে ১১টায় কাইতলা যজ্ঞেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে তিনজনের জানাজা হয়। অপর দুজনের জানাজা একই সময়ে পার্শ্ববর্তী গুঁড়িগ্রাম ও ভৈরবনগর গ্রামে অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে সবাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে চাঁদপুরের কচুয়া উপজেলার দক্ষিণ গোহাট ইউনিয়নের নাওপুরা গ্রামের দুই ভাই শাহাদাত হোসেন ও টিটু আহমেদের লাশ রাত দুইটায় তাঁদের বাড়িতে এসে পৌঁছায়। গতকাল বেলা আড়াইটায় কচুয়ার নাওপুরা মসজিদের মাঠে জানাজা হয়। পরে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দী গ্রামের সাত্তার খানের ছেলে শাহিন খানের লাশ রাত দেড়টায় বাড়িতে পৌঁছায়। গতকাল ওই বাড়িতে গিয়ে দেখা যায়, দাফনের প্রস্তুতি চলছে। মা কামরুন্নেসা বেগম ও স্ত্রী আয়শা বেগমের আহাজারি যেন থামছেই না। বেলা দুইটায় জানাজার পর ধনপদ্দী বড়বাড়ি কবরস্থানে লাশ দাফন করা হয়।চট্টগ্রামের পটিয়ার আশিয়া ইউনিয়নের পূর্ব বাথুয়া গ্রামের মাহবুবুল আলম (৫৫), একই উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা এলাকার জামাল উদ্দিন (৫২) ও বোয়ালখালীর চরখিজিরপুর এলাকার নজির আহমেদের লাশ গতকাল ভোরে বাড়িতে পৌঁছায়। মাহবুবের লাশের সঙ্গে এসেছেন বাহরাইনে থাকা তাঁর বড় ভাই মাহমুদুল্লাহ। জামালের লাশও বহন করে এনেছেন ওই দেশে থাকা তাঁর ছোট ভাই মোহাম্মদ আকতার।পরিবারের সদস্যরা জানান, ২০ জানুয়ারি মাহবুবুল আলমের দেশে আসার কথা ছিল। টিকিটও কেটেছিলেন।মালিয়ারা গ্রামে জামালের বাড়িতে গিয়েও জানা যায়, আট বছর আগে বিদেশে যান জামাল। এর মধ্যে কয়েকবার দেশে আসেন। বিদেশে থাকাকালে তাঁর ছোট মেয়ে নাজমা সুলতানার জন্ম। নাজমা কখনো বাবাকে দেখেনি। জামালের বাবা আবদুল আজিজ (৮৫) ও মা মোহছেনা খাতুন (৭৫) এ কথা বলে বিলাপ করছিলেন।বোয়ালখালীতে নজিরের লাশ পৌঁছানোর পর তাঁর মা ময়ূর খাতুন ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। নজিরের মেয়ে জেসি (৫) বাবার ছবি হাতে নিষ্পলক তাকিয়ে ছিল।নোয়াখালীর সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ওসমান গনি (২৮) ও কুমিল্লার সদর দক্ষিণের জয়নাল আবেদিনের ছেলে মফিজুল ইসলামের মরদেহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।[প্রতিবেদন তৈরির জন্য তথ্য দিয়েছেন নোয়াখালী অফিস, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।]