চোখের পানিতে বাবা-মেয়েকে চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে বেড়াতে গিয়ে নুরুজ্জামান, তাঁর স্ত্রী মিতা মাহফুজা ও মেয়ে মাইশা তাসনিম। ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমায় পুড়ে মারা যান বাবা ও মেয়ে। আহত হয়েছেন মা l ছবি: মাইশার ফেসবুক থেকে নেওয়া
কক্সবাজারে বেড়াতে গিয়ে নুরুজ্জামান, তাঁর স্ত্রী মিতা মাহফুজা ও মেয়ে মাইশা তাসনিম। ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমায় পুড়ে মারা যান বাবা ও মেয়ে। আহত হয়েছেন মা l ছবি: মাইশার ফেসবুক থেকে নেওয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় পুড়ে মারা যাওয়া যশোরের নুরুজ্জামান পপলু ও তাঁর মেয়ে মাইশা তাসনিমকে চিরবিদায় জানালেন তাঁদের স্বজন ও পরিচিতজনেরা। আজ বুধবার সকালে শহরের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁদের ঘোপ সেন্ট্রাল সড়কের সরকারি কবরস্থানে দাফন করা হয়।
তাঁদের বাড়ি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল সড়কে। নুরুজ্জামান ঠিকাদারি ব্যবসা করতেন। আর মেয়ে মাইশা যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
জানাজা শেষে দাফনের জন্য লাশের কফিন বাড়ির সামনে দিয়ে কবরস্থানে নেওয়ার সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কফিন দেখে মাইশার বৃদ্ধ নানা রোকন উদ্দীন অচেতন হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন। শোকাবহ এ পরিবেশে তাঁদের শেষবারের মত এক নজর দেখার জন্য পাড়ার মানুষ বাড়িতে ভিড় করে। উপস্থিত সবার মুখে ছিল একটাই কথা, ‘আমরা এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস চাই না। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।’
জানাজায় যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ শহরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেয়।