চোখের সামনে ছেলের নির্যাতন দেখে মায়ের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির অপরাধে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না গ্রামের আবদুর রশীদের কিশোরপুত্র তালিম ও তার বন্ধু শাকিলকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়েছে। এ ঘটনায় ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যা করেছেন তালিমের মা জায়েদা বেগম। অমানবিক নির্যাতনের শিকার দুই কিশোরকে মুমূর্ষু অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।সাটুরিয়া থানা-পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ মার্চ রাতে জান্না গ্রামের দারোগালীর পুত্র নাগর আলীর একটি ছোট মুদি দোকানে চুরি হয়। তালিমের মা জায়েদা বেগম গত রোববার তাঁদের ঘরে কিছু সিগারেট, কয়েকটি মোবাইল সিমকার্ড ও এক বোতল পানি দেখতে পান। ওই সব মালামাল নাগর আলীর দোকানের ভেবে তিনি তাৎক্ষণিক তা নাগর আলীকে পৌঁছে দেন। কিন্তু নাগর আলী বিষয়টি নিয়ে চরজান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জান্না গ্রামের মাতবর ফজলুল হকের সঙ্গে পরামর্শ করেন। এর পরই তালিম ও শাকিলকে বাড়ি থেকে ধরে নেওয়া হয়।স্থানীয়রা জানান, নাগর আলীর কথামতো গ্রামপুলিশ হাসেন আলী রোববার দুপুর দুইটার দিকে তালিম ও তার বন্ধু শাকিলকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। এর পর তালিমদের বাড়ির পাশে একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে গ্রামপুলিশ হাসেন আলীসহ কয়েকজন গাছের ডাল দিয়ে তাদের পেটাতে থাকলে তালিম ও শাকিল অচেতন হয়ে পড়ে। এ সময় ফজলুল হক সেখানে উপস্থিত হয়ে আরও মারপিট করার নির্দেশ দেন। চোখের সামনে ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে জায়েদা বাড়ি চলে যান। এর ঘণ্টা খানেক পরই খবর আসে, জায়েদা তাঁদের ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।হাসপাতালে চিকিৎসাধীন তালিম ও শাকিল জানায়, তারা তিন বন্ধু মিলে নিছক দুষ্টুমির ছলে নাগর আলীর দোকান থেকে এক টাকা মূল্যের (একটি সিগারেট) ৩৬ প্যাকেট সিগারেট, দুই লিটার কোমল পানীয় ও ২০ টাকা মূল্যের ৪০টি মুঠোফোনের কার্ড চুরি করেছিল। তালিম বলে, ‘চুরি করা মালামাল ফেরত দিলাম। তার পরও মাইর খাইলাম। আবার আমার মা-ও মইরা গেল। আপনেরা অগোর বিচার করবেন, যাতে হারা জীবন মনে রাখে।’ কারা তোমাদের মারপিট করেছে? জবাবে তালিম ও শাকিল বলে, ‘ফজলু মাস্টার, হাসেন আলী চৌকিদার ও জলিল গাছের লগে বাইনদা আমাগো জিকার ডালা দিয়া বাইরাইচে।’ ফজলুল হক অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি ঘটনার কথা শুনে সেখানে গিয়েছিলাম। মারপিট করতে দেখেছি। কিন্তু আমি মারপিট করার কোনো নির্দেশ দিইনি।’