চোখের সামনে বাবা, দাদু ও ভাইয়ের মৃত্যু দেখেছেন নিহারবালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন থেকে ১৯৭১ সালের ৩১ মার্চের বীভৎসতার দৃশ্য মুছতে পারেননি নিহারবালা দেবী খুকু। সেদিন তাঁর দুই ভাইয়ের গলা কেটে রক্ত দিয়ে গোসল করানো হয়েছিল মা নিরবালা দেবীকে। এই ৪৬ বছরে অনেকবার বিভীষিকাময় সেই দিনের স্মৃতিচারণা করেছেন তিনি। কী লাভ হলো তাতে? এখনো শহীদ পরিবারের স্বীকৃতি মিলল না। তাই এখন আর এসব কাউকে বলতে চান না নিহারবালা।
চট্টগ্রাম নগরের হালিশহরের চুনা ফ্যাক্টরি এলাকার মধ্যম নাথপাড়া একাত্তরের ৩১ মার্চ হয়ে উঠেছিল মৃত্যুপুরী। সেদিন ৪০ জন ইপিআর সদস্যসহ ৭৯ জনকে হত্যা করেছিল বিহারিরা। তাদের সঙ্গে ছিল পাকিস্তানি হানাদার বাহিনী। নিহারবালা দেবী সেদিন দেখেছিলেন বাবা, দুই দাদু ও দুই বড় ভাইয়ের নির্মম মৃত্যু।
গত সোমবার নাথপাড়ার বাড়িতে গেলে ষাটোর্ধ্ব নিহারবালা প্রথমে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তাঁর ভাই সুনীল কান্তি নাথ বললেন, ‘দিদির সামনেই আমাদের দুই ভাই, বাবা আর দাদুকে হত্যা করা হয়েছিল। দিদি ওটা দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তিনি এখন আর ওসব কাউকে বলতে চান না। তাঁর মনে একটা ক্ষোভ আছে।’
অনেক অনুরোধের পর কথা বলতে রাজি হন নিহারবালা দেবী। একাত্তরে অষ্টম শ্রেণির ছাত্রী নিহারবালার চুল এখন ধবধবে সাদা। পোড়া বাঁ হাতটি জানান দিচ্ছে ৩১ মার্চের সেই ভয়াবহতার কথা।
‘প্রথমে দরজার পাশে লুকিয়ে থাকা আমার বড় ভাইকে (দুলাল নাথ) কুড়াল ও কিরিচ দিয়ে কোপাল। মাথা প্রায় বিচ্ছিন্ন। আমি আমার মেজদাকে (বাদল কান্তি নাথ) খাটের তলায় আগলে রাখলাম। সেখান থেকে মেজদাকে টেনে এনে হত্যা করল। তারপর তাদের রক্ত দিয়ে আমার মাকে স্নান করাল। এসব দেখে আমি অজ্ঞান হয়ে যাই। আগুনের আঁচে জ্ঞান ফেরে আমার।’ বললেন নিহারবালা।
নিহারবালারা ছিলেন চার ভাই, দুই বোন। নিহারবালা তৃতীয়। ৩১ মার্চ বাবা হরিরঞ্জন নাথ, দুই দাদু ক্ষিরদবাসী নাথ ও পূর্ণচন্দ্র নাথ, দুই ভাই দুলাল কান্তি নাথ ও বাদল কান্তি নাথকে হত্যা করা হয়।
নিহারবালা ও মা নিরবালা দেবী এ ঘটনার সাক্ষী। নিরবালা দেবী এখন বেঁচে নেই। লেখক-সাংবাদিক মুহাম্মদ শামসুল হকের চোখে দেখা ৭১ বইয়ে এ দুই প্রত্যক্ষদর্শীর বর্ণনা আছে। সেখানে নিরবালা দেবী বলেছেন, ‘৩১ মার্চ সকালে ১০-১২ জন ইপিআর সদস্য আমাদের ঘরে এসে আশ্রয় নেন। দুপুরের দিকে বিহারিরা আক্রমণ করল পাড়ায়। কুড়াল ও কিরিচ দিয়ে হত্যা করল আমার বড় ছেলে দুলালকে। পরে বাদলকেও। তাদের রক্ত দিয়ে আমাকে স্নান করানো হলো। তখন আমি অজ্ঞান হয়ে পড়ি।’
সেদিন এই নাথপাড়ার এমন কোনো পরিবার ছিল না যে স্বজন হারায়নি। ডলি নাথ হারিয়েছিলেন তাঁর বাবা অনিল নাথসহ তিন স্বজনকে। নারায়ণ চন্দ্র বৈষ্ণব হারিয়েছেন পিতামহ, ভাইসহ তিনজনকে।
২০০১ সালে পাড়ার কালীমন্দিরের পাশে একটি স্মৃতিসৌধ করা হয়।
সেদিন হত্যাকাণ্ডের শিকার ৩৯ জন সাধারণ মানুষের মধ্যে বেশির ভাগই ছিলেন মধ্যম নাথপাড়ার বাসিন্দা। সেদিন হত্যাযজ্ঞ চালানো হয়েছিল পাশের পাড়ায়ও। শুধু হত্যা নয়, সেদিন লুটতরাজও চালানো হয়েছিল। হত্যাকাণ্ডের পর কেরোসিন ঢেলে বাড়ি ও মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই আগুনে নিহারবালার হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
নিহারবালার অপর দুই ভাই সুনীল কান্তি নাথ ও মৃণাল কান্তি নাথ সেদিন বেঁচে যান ভাগ্যক্রমে। ঘটনার দু-তিন দিন আগে নিরাপত্তার কথা ভেবে তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছিল পটিয়ায় মামার বাড়িতে।
সুনীল কান্তি নাথ প্রথম আলোকে বলেন, ‘ইপিআর সদস্যদের আশ্রয় দেওয়াটাই কাল হয়েছিল। আমাদের দুই ভাইকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মামার বাড়িতে। তাই বেঁচে যাই। আমরা এত স্বজন হারালাম, কিন্তু কোনো স্বীকৃতি মিলল না। এই আক্ষেপ নিয়েই মা চলে গেলেন।’
নিরবালা দেবী ২০০৮ সালের ৬ মার্চ মারা যান।