চোখের সামনে ভরাট হচ্ছে রামের দিঘি
সবার চোখের সামনেই সিলেট নগরের রামের দিঘি ভরাট করা হচ্ছে। দুই শতাব্দীরও বেশি পুরোনো এ দিঘির অধিকাংশ জায়গা ভরাট করে তৈরি হয়েছে অভিজাত হোটেল ও দালানকোঠা। দিঘির অবশিষ্ট জায়গাটুকুও ভরাট করে বাণিজ্যিকভাবে প্লট তৈরির কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, দিঘির প্রায় ৭০ ভাগ জায়গা ভরাট করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। ওই স্থানে এর আগে একটি হোটেল নির্মাণ করা হয়েছে। বর্তমানে দুটি বাসা তৈরির কাজ চলছে। নির্মাণাধীন এসব বাসার পাশের ১২০ ফুট জায়গা ভরাট করে সেখানে প্যান্ডেল তৈরি করে বিয়ে বা যেকোনো অনুষ্ঠানে ২৫ থেকে ৩০ হাজার টাকায় দিনপ্রতি ভাড়া দেওয়া হচ্ছে। এ ছাড়া দিঘির যে অংশটুকু এখনো জলাশয় হিসেবে রয়েছে, সেখানে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওই অংশটুকু ধীরে ধীরে ভরাট করা হচ্ছে।পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, রামের দিঘির মোট ভূমির পরিমাণ এক একর ১০ শতক। এই দিঘির মালিক সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী লামাবাজার এলাকার বাসিন্দা বিমলেন্দু দে ওরফে সাধুবাবু। প্রায় ২৫০ বছর আগে এলাকাবাসীর সুপেয় পানির সংস্থানে লামাবাজার এলাকার বাসিন্দা বিমলেন্দু দে ওরফে সাধুবাবু দিঘিটি খনন করেন। ১৯৭৯ সালের দিকে সাধুবাবুর উত্তরাধিকারীরা দিঘিটি নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। ক্রয় সূত্রে মালিক হন মির্জাজাঙ্গাল এলাকার তাহমিন আহমদ ও তাঁর সাত ভাই। এরপর ওই ক্রেতারা এলাকাবাসীকে দিঘিটি ব্যবহারে বাধা দেন। ২০০৭ সাল থেকে ওই মালিকেরা দিঘি ভরাটের প্রক্রিয়া শুরু করেছেন বলে এলাকাবাসী জানান। এ নিয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বর্তমানে ভরাটের প্রক্রিয়া অনেকটা পাকাপোক্ত হয়ে গেছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের গবেষণা কর্মকর্তা জহরত রিশাত সরেজমিন তথ্যের বরাত দিয়ে জানান, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী দিঘিটি ব্যক্তিমালিকানাধীন হলেও শ্রেণী পরিবর্তন করা যাবে না।ভরাটের প্রক্রিয়ায় জড়িত নির্ভানা ইনের ব্যবস্থাপনা পরিচালক তাহমিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নিজেদের জায়গায় হোটেলসহ স্থাপনা তৈরি করছি। এতে অসুবিধা কোথায়? এলাকার একজন লোক আমাকে হয়রানি করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নানা অভিযোগ করছেন।’ তাহমিন জানান, ২০০৭ সাল থেকে মাটি ভরাটের বিষয়টি ঠিক নয়। নির্ভানা হোটেলটিই ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যক্তিমালিকানাধীন দিঘি ভরাট করা যাবে না—এ আইন প্রসঙ্গে তাহমিন বলেন, ‘এ আইন পাস হওয়ার আগে থেকেই আমরা ভরাটের প্রক্রিয়া চালাচ্ছি!’ সিলেট পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, দিঘিটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ভরাটের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গত ২৫ অক্টোবর একটি নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। এ সতর্কতা না মানলে পরিবেশ অধিদপ্তর আইনি ব্যবস্থা নেবে।