চোখের সামনে মৃত্যু হলো মায়ের, পুড়ল ঘরও
শত হোক মায়ের মন। পাহাড়ে হঠাৎ আদিবাসী-বাঙালি দেখে মনে ঠিকই আশঙ্কা জন্মেছিল, কোনো অঘটন ঘটতে পারে। সন্তানদের নিরাপত্তায় তাঁর চিন্তার অন্ত নেই। তাই সন্তানদের নিয়ে বেলা ১১টার মধ্যেই দুপুরের খাবার খেয়ে নিলেন। তারপর ঘরদোর বন্ধ করে তাদের নিয়ে ছুটলেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু বাড়ির সীমানা পার হতে পারলেন না। এর আগেই বুলেট আঘাত হানে তাঁর কোমরে। তিনি লুটিয়ে পড়েন মাটিতে। সন্তানদের বাঁচালেও নিজে বাঁচতে পারলেন না।গুলিতে নিহত এই মায়ের নাম বুদ্ধপুদি চাকমা (৩৬)। স্বামী আর সন্তানদের নিয়ে থাকতেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট গুচ্ছগ্রামে। গত শনিবার বাঘাইহাটে সহিংসতার সময় গুলিতে মারা যান তিনি। তাঁর স্বামী উত্তম চাকমা। তাঁদের তিন সন্তান সুনীতা চাকমা (১৫), জুয়েল চাকমা (১০) ও রূপনা চাকমা (৮)।মাকে হারিয়ে শোকে কাতর তাঁর তিন সন্তান। তাদের কান্না যেন থামছেই না। ঘটনার সময় স্বামী উত্তম চাকমা বাড়ি ছিলেন না। মেয়ে সুনীতা চাকমা (১৫) জানায়, ‘মৃত্যুর সময়ও মা আমাদের আর বাবার চিন্তায় অস্থির ছিলেন। চোখ বন্ধ করার আগে আমাকে শুধু বলেছিলেন, তোমার বাবাকে খবর দাও, আমি আর পারছি না। তোমরা তাড়াতাড়ি পালাও, নিরাপদ আশ্রয়ে যাও, আমি তো মরেই যাচ্ছি।’গতকাল রোববার সাংবাদিকদের সামনে ওই দিনের ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে সুনীতা ও তার ভাইবোন। শনিবার ঘটনার আগমুহূর্তের পরিস্থিতি বর্ণনা দিয়ে সে জানায়, ‘মা আমাদের বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও। পরিস্থিতি ভালো নয়। যেকোনো মুহূর্তে পালাতে হবে। মায়ের কথা শুনে পরিবারের সবাই ভাত খাওয়া শেষ করে আনুমানিক বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হচ্ছিলাম। এ সময় আর্মিরা আমাদের গ্রামে হামলা শুরু করে। কোনো কিছু বোঝার আগেই মুহুর্মুহু গুলির শব্দ। আর্মিরা বাঘাইহাট জোন থেকে গুলি করছে আর কাচালং নদী পার হয়ে কিছু সদস্য গ্রামের দিকে এগিয়ে আসছে।’সুনীতা জানায়, ‘আমরা মাত্র ঘরের আঙিনায়। এমন সময় পেছন থেকে একটি গুলি এসে আমার মায়ের কোমরে লাগে। সঙ্গে সঙ্গে মা মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে ধরাধরি করে কোনো রকমে হাঁটতে সাহায্য করছি। প্রথম দিকে হাঁটতে পারলেও পরে তিনি বসে পড়েন। তখন মা আমাদের পালিয়ে যেতে বলেন। আমি মাকে টেনে একটি ঝোপের মধ্যে লুকিয়ে পালিয়ে গেলাম। পরে গ্রামের কয়েকজন লোক ডেকে মাকে উদ্ধার করতে আবার ফিরে আসি। কিন্তু আর্মি জোন থেকে চিত্কার দিয়ে বন্দুক তাক করে আবার গুলি করার হুমকি দেয়। তখন অন্যরা পালিয়ে যায়। আমি আর এক ছোট ছেলে ঝোপের মধ্যে লুকিয়ে থাকি। এ সময় আর্মিরা আমাদের বাড়ির পাশে অবস্থান নেয়।’সুনীতা আরও জানায়, ‘আর্মির উপস্থিতিতে দুই বাঙালি এসে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দুজনের নাম না জানলেও আমি তাদের চিনি। পরে আর্মি ও বাঙালিরা অন্যদিকে চলে গেলে আমি ও ছোট ছেলেটি মাকে নিয়ে পূর্বদিকে পাহাড়ে যাই। সেখান থেকে গ্রামের অন্যরা মিলে মাকে নিয়ে যায়। এর মধ্যে মা মারা যান।’বুদ্ধপুদির স্বামী উত্তম চাকমা গরিব জুমচাষি। অভাবের কারণে তিন সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারেননি। বাঘাইহাটের ঘটনার পর এই পরিবারের সামনে এখন শুধুই অন্ধকার। এক দিকে মৃত্যু, আরেক দিকে ঘর পুড়ে সর্বস্বান্ত।বাঘাইহাট গুচ্ছগ্রামে উত্তম চাকমার বাড়িতে গিয়ে দেখা যায়, আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তাঁর বাড়িটি ঠিক বাঘাইহাট জোনের বিপরীতে। মাঝখানে কাচালং নদী। সেনা জোন পাহাড়ের ওপরে আর গুচ্ছগ্রাম হলো কাচালং নদীর পারে সমতলে।