চোখের সামনে সব পুড়ে ছাই

কারওয়ান বাজারে ভয়াবহ আগুনে অন্তত ১৬০টি দোকান ভস্মীভূত হয়েছে। গত রোববার রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তাঁদের অভিযোগ, ফায়ার সার্ভিসের কর্মীরা আরও তৎপর হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মো. স্বপন প্রথম আলোকে বলেন, ‘রোববার সন্ধ্যা সাড়ে সাতটা দিকে হাসিনা মার্কেটেরে নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। মার্কেটে আড়ত, লেপ-তোশকসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকান ও খাবারের হোটেল ছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করে। রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটটি কাঠ এবং টিন দিয়ে তৈরি হওয়ায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
গতকাল সোমবার দুপুরে মার্কেটটি ঘুরে দেখা গেছে, চারপাশে পুড়ে যাওয়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এসবের মধ্যে কেউ কেউ কিছু পাওয়ার আশায় খোঁজাখুঁজি করছেন।
কয়েকজন ব্যবসায়ী বলেন, মার্কেটের ১৮৬টি দোকানের মধ্যে অন্তত ১৬০টি পুড়ে গেছে। মে দিবসের ছুটি থাকায় বেশির ভাগ দোকান বন্ধ ছিল। তাই অধিকাংশ ব্যবসায়ীই দোকান থেকে কিছুই বের করতে পারেননি। চোখের সামনে সব পুড়ে শেষ হয়ে গেছে। তাঁদের অভিযোগ, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা ছিল হতাশাজনক।
স্থানীয় ব্যবসায়ী মো. স্বপন তাঁর মুঠোফোনের কললিস্ট দেখিয়ে বলেন, ‘যে দোকানে আগুনের সূত্রপাত হয়, সেটি তালাবদ্ধ ছিল। নিজেরা চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হলে সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দিই। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসে রাত সাড়ে ৮টার দিকে।’
তবে ব্যবসায়ীদের এমন অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার (তেজগাঁও) তানহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।’
‘উত্তর কারওয়ান বাজার ব্যবসায়ী জনকল্যাণ সমিতি’র সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, আগুনে অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি এই ধকল কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ১৯৮৪ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে আড়াই বিঘা জমি কিনে মার্কেটটি প্রতিষ্ঠা করা হয়।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যা করা দরকার, সরকার তা করার চেষ্টা করবে।
তদন্ত কমিটি: আগুনের ঘটনা তদন্তে রোববার রাতেই চার সদস্যের একটি কমিটি গঠন করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ প্রথম আলোকে এই তথ্য জানান।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মোজাম্মেল হকের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক (ঢাকা) মাসুদুর রহমান আকন্দ, উপসহকারী পরিচালক (ঢাকা) সালাহ উদ্দীন ও জ্যেষ্ঠ স্টেশন অফিসার (তেজগাঁও) তানহারুল ইসলাম।
তদন্ত কমিটির সদস্য তানহারুল ইসলাম বলেন, কমিটি আজ (সোমবার) কাজ শুরু করেছে। আগামীকাল (মঙ্গলবার) বিস্তারিত তথ্য পাওয়া পাওয়া যাবে।