চোখের সামনেই ভাঙছে মর্জিনাদের ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় দিনাজপুর শহরের খামার ঝাড়বাড়ি মহল্লায় চোখের সামনে ভেঙে পড়েছে মর্জিনা বেগমের মাথা গোঁজার একমাত্র ঠাঁই মাটির বাড়িটি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
বন্যায় দিনাজপুর শহরের খামার ঝাড়বাড়ি মহল্লায় চোখের সামনে ভেঙে পড়েছে মর্জিনা বেগমের মাথা গোঁজার একমাত্র ঠাঁই মাটির বাড়িটি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

মর্জিনা বেগম কাজ করেন হোটেলে। স্বামী আবদুল জলিল রিকশা চালান। দিনাজপুর পৌর শহররক্ষা বাঁধের নিচে খামার ঝাড়বাড়ি মহল্লায় একটি মাটির ঘর তুলে সেখানে থাকতেন তাঁরা। গত শুক্রবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে শহররক্ষা বাঁধ ভেঙে তাঁদের বাড়িতে পানি ওঠে। তাঁরা আশ্রয় নেন বাঁধের ওপর। দুই দিনেও পানি না নামায় গত সোমবার চোখের সামনেই ভেঙে পড়ে ঘরটি। তাঁরা এখন কী করবেন, কোথায় যাবেন? ভেবে কূল পান না।
একই অবস্থা রুমা খাতুন, রুবিনা বেগম, আসমা বেগমসহ ওই মহল্লার প্রায় এক-দেড় শ পরিবারের। তাঁদের সবারই নিজস্ব আয়ে তৈরি মাটির ঘর ভেঙে গেছে। মাথাগোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে পরিবারগুলো এখন দিশেহারা।
শুধু তা-ই নয়, ঘর ভেঙে বাঁধের ওপর আশ্রয় নেওয়া পরিবারগুলোর ঠিকমতো খাবারও জুটছে না। তাঁরা জানান, দিনে এক বেলা শুধু খিচুড়ি ছাড়া আর কিছুই পান না। বাড়িঘর ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে মালামাল রেখে কাজেও বের হতে পারছেন না।
আশ্রয়কেন্দ্রে থাকা লোকগুলো প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সামগ্রী না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছে। আশ্রয়কেন্দ্রের বাসিন্দা সরবেরি বেগম (৫৮) বলেন, শহরের মির্জাপুর মহল্লায় তাঁদের বাড়ি ছিল। চলতেন গৃহপরিচারিকার কাজ করে। অনেক কষ্টে এক ছেলেকে এসএসসি এবং এক ছেলেকে জেএসসি পাস করিয়েছেন। বন্যায় দুই ছেলের এসএসসি, জেএসসির সনদসহ সবকিছুই ডুবে গেছে। কী করবেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না।
আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, নতুন ভবনের বারান্দায় গাদাগাদি করে প্রায় ৬০ জন আশ্রয় নিয়েছেন। নেই কোনো ফ্যান। ফরিদা ইয়াসমিন (৬০) বলেন, ‘গরমোত মরে যাচি বাহে। দুই বেলা খালি খিচুড়ি দেছে। গ্যাসের ওষুধ ছাড়া কোনে ওষুধ দেছে না।’
উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুরো বিদ্যালয়ের মাঠ হাঁটুপানিতে ডুবে আছে। ফলে শিশুরা বাইরে বের হতে পারছে না। আশ্রয় নেওয়া সিপাহীপাড়ার সুমা আক্তার (৩৫) জানান, মেঝেতে থাকায় শিশুদের ঠান্ডাজনিত রোগ এবং বড়দের চুলকানি দেখা দিয়েছে। তিন দিন পর গতকাল মঙ্গলবার শুধুই খাবার স্যালাইন দিয়ে গেছে।
দক্ষিণ বালুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, একটি বড় ঘরে একটি মাত্র ফ্যান। ৩০ ফুট বাই ৩০ ফুট একেকটি ঘরে নারী-শিশুসহ কমপক্ষে ৭০ থেকে ৮০ জন থাকছে। আশ্রয়প্রার্থীরা জানান, সারাদিন বিদ্যুৎ থাকে না। রাতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ আসে। প্রচণ্ড গরমে শিশুদের জীবন ওষ্ঠাগত।
জুলেখা বেগম (৫৫) জানান, শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা থেকে দুই ছেলেমেয়ে, স্বামীসহ তাঁরা আশ্রয়কেন্দ্রে এসেছেন। স্বামী শ্রমিকের কাজ করেন। বন্যায় একমাত্র বাড়ির পুরোটাই ডুবে গেছে। বন্যার পর কোথায় উঠবেন, সেটাই তাঁর চিন্তা।
জনস্বাস্থ্য প্রকৌশল স্বাস্থ্যকেন্দ্রে আশ্রয় নেওয়া সাবিনা ইয়াসমিন জানান, সাডুরঘাট এলাকা থেকে গত শনিবার স্বামী ও কোলের সন্তানকে নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। শ্রমিক স্বামীর জমানো সব টাকা দিয়ে তৈরি টিনের বাড়িসহ সব আসবাব পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। আশ্রয়কেন্দ্রে ওঠার পর থেকে কোলের শিশুটি অসুস্থ। বন্যায় কাজ না থাকায় শিশুর জন্য ওষুধও কিনতে পারছেন না।
আদর্শ উচ্চবিদ্যালয়ে ৮০ জন আশ্রয় নিয়েছে। এ ছাড়া শহরের মহিলা আলিম মাদ্রাসা, সরকারি কলেজ, দিনাজপুর উচ্চবিদ্যালয়, সারশ্বরী উচ্চবিদ্যালয়ে গাদাগাদি করে দুর্বিষহ অবস্থায় দিনাতিপাত করছে আশ্রয়প্রার্থীরা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, কী পরিমাণ বাড়িঘর ভেঙে গেছে, এর সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। বন্যার পানি নেমে গেলে প্রতিটি এলাকায় জরিপ করে দুস্থ মানুষকে প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হবে। সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল টিম কাজ করছে। সেনাবাহিনী, বিজিবি এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী দল ত্রাণ ও ওষুধ দিচ্ছে।