চোখের সামনেই হারিয়ে যাচ্ছে তিনটি শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার প্রত্যন্ত এলাকায় অজ্ঞাত রোগে একই পরিবারের তিন শিশু পঙ্গু হয়েছে। একটি শিশু বর্তমানে হাঁটাচলা করতে পারলেও সেও ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছে। এলাকার লোকজন শিশুরা পোলিও রোগে আক্রান্ত বলে ধারণা করছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা-চিকিৎসক উপল সিজার এটিকে ‘জেনেটিক ডিসঅর্ডার’ হিসেবে চিহ্নিত করেন।ঝলইশালশিরী ইউনিয়নের মাঝগ্রাম কামাত মানিক চাঁদ কঠালপাড়া গ্রামের দিনমজুর মজিবুর রহমান দম্পতির ওই তিন সন্তান। প্রথম ময়নুল, দ্বিতীয় মতিয়ার এবং তৃতীয় মুক্তার। তিন শিশুর মা মরিয়ম জানান, তাঁর প্রথম ছেলে মশিউর (১৭) মাঝগ্রাম কামাত মানিক চাঁদ নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ করে পায়ের ব্যথা অনুভব করে। তার পায়ের হাঁটুর নিচের পেছনের মাংস শক্ত হয়ে ফুলে যায়। ব্যথা শুরু হয়। একপর্যায়ে কোমর বাঁকা হতে থাকে। পায়ের আঙুলের ওপর ভর দিয়ে চলাফেরা শুরু করে। একদিন হঠাৎ মাটিতে পড়ে গিয়ে তার হাত-পা অবশ হয়ে যায়। একপর্যায়ে তার পা ও হাতের মাংস শুকিয়ে হাড্ডিসার হয়ে পঙ্গু হয়ে যায়। একইভাবে তাঁর দ্বিতীয় ছেলে মতিয়ার (১২) তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় বড় ভাইয়ের মতো পঙ্গু হয়ে যায়। পঙ্গুত্ববরণকারী দুই ভাইয়ের পথ অনুসরণ করে ছোট ভাই মাঝগ্রাম কামাত মানিক চাঁদ নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মুক্তারেরও (৬) একই রোগের লক্ষণ দেখা দিয়েছে। বর্তমানে সে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে হাঁটছে। বাবা মজিবুর রহমান জানান, অভাবের সংসারে বড় ডাক্তার দেখাতে পারিনি। স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করিয়েছি। কোনো ফল হয়নি। কবিরাজি, ঝাড়ফুঁক সব করেছি। ভালো ফল হয়নি। বড় সন্তান দুটির চিকিৎসা করাতে গিয়ে সংসারে জমানো যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। বর্তমানে আমরা নিঃস্ব। দিনমজুরি করে যা পাই, তা দিয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে সংসার চলছে, চিকিৎসা করাব কীভাবে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশির উদ্দীন ও সহকারী শিক্ষক মজিবর রহমান জানান, তিন শিশুই সুস্থ ছিল। এই স্কুলেই পড়ত। ছাত্র হিসেবেও মেধাবী ছিল। অন্য শিশুদের মতো তারাও বিদ্যালয়ে নিয়মিত আসত, খেলাধুলা করত। ধীরে ধীরে তারা দুই ভাই পঙ্গু হয়ে গেল। ছোট ছেলেটিও আক্রান্ত হয়েছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা নিলে হয়তো সে ভালো হতে পারে। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পঙ্গু হয়ে যাওয়া ওই শিশু দুটি ঘরের উঠোনে একভাবে বসে আছে। অস্বাস্থ্যকর পরিবেশে শিশু দুটি খাবার খাচ্ছে। ছোট শিশুটি তাদের কাছেই বসে আছে। তাদের মা-বাবা দিনমজুরি কাজে বাইরে গেছেন। সিভিল সার্জন এ কে এম বদরুজ্জামানকে জানানো হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা উপল সিজারের নেতৃত্বে একটি চিকিৎসাদল ঘটনাস্থল পরিদর্শন করে। উপল সিজার জানান, একই পরিবারের তিন-তিনটি শিশু একই রোগে আক্রান্ত হয়েছে। এটা একটি ‘জেনেটিক ডিসঅর্ডার’ রোগ। সাধারণত এ রোগটি মা অথবা বাবার পক্ষ থেকে সৃষ্টি। এ রোগ থাকলে তাঁরা যদি আরও সন্তান নেন, সে সন্তানদেরও এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তিনি ভালো বিশেষজ্ঞ নিউরো সার্জনের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চোখের সামনে আদরের তিন-তিনটি সন্তানের পঙ্গুত্ব বরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা মরিয়ম। দিনমজুর মা-বাবার জন্য হতাশা ছাড়া কিছু নেই। এই অভাব-অনটনের সংসারে কীভাবে তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছাবেন?