চোখে-মুখে অন্ধকার দেখছেন মরিচচাষিরা
পাবনার সাঁথিয়া উপজেলায় প্রতি কেজি কাঁচা মরিচ মাত্র তিন টাকা দরে বিক্রি হচ্ছে। এমন পানির দরে কাঁচা মরিচ বিক্রি করে চোখে-মুখে অন্ধকার দেখছেন মরিচচাষিরা।
উপজেলার শ্রীধরকোড়া গ্রামের মরিচচাষি নান্নু মিয়া বলেন, এবার চার বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। বিঘাপ্রতি আবাদের খরচ হয়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। এখন বাজারে মরিচের যে দাম, তাতে চাষের খরচ ওঠা তো দূরের কথা, জমি থেকে মরিচ তুলে হাটে নিয়ে আসার খরচই উঠছে না। গতকাল সোমবার নান্নু মিয়া বলেন, ‘খেতের থ্যা এক কেজি মরিচ তুলতি কামলা নেয় চার টাকা। চার বস্তা মরিচ করমজা হাটে আনতি যাতায়াত খরচ ১৫০ টাকারও বেশি। তার মানে জমির থ্যা এক কেজি মরিচ তুইল্যা হাটে আনার খরচ পাঁচ টাকা। অথচ তিন ঘণ্টা ধইর্যা বইস্যা থাকার পরেও প্রতি কেজি তিন টাকার বেশি কেউ কয় না।’
মরিচচাষি ও ব্যবসায়ীদের মতে, ব্যাপক ফলনের বিপরীতে এবার মরিচের চাহিদা কিছুটা কম। যেসব এলাকায় সাঁথিয়ার মরিচের চাহিদা রয়েছে, সেসব এলাকার কাছাকাছি জমিতেও এবার মরিচের ভালো ফলন হয়েছে। আর এ কারণেই এবার পানির দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
গতকাল সোমবার পাইকারি কাঁচামাল বিক্রির বাজার সাঁথিয়ার করমজায় গিয়ে কাঁচা মরিচের ব্যাপক আমদানি দেখা যায়। ভাই ভাই কাঁচামালের আড়তের মালিক আবদুর রাজ্জাক জানান, ১০-১২ দিন ধরে এ হাটে প্রতি কেজি কাঁচা মরিচ আড়াই টাকা থেকে শুরু করে ছয় টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে গতকাল সোমবার তাঁর আড়তে ব্যবসায়ীরা মরিচচাষিদের কাছ থেকে যত মরিচ কিনেছেন, তার বেশির ভাগই তিন টাকা কেজি দরে।
উপজেলার বড়গ্রামের মরিচচাষি নাজিমউদ্দিন বলেন, ‘এবার মরিচ চাষ কইর্যা এক্কেরে শ্যাষ হয়া গেলাম। অন্যান্য বছর মরিচ চাষের টাকায় সংসার চলিছে। আর এবার সংসার চলা তো দূরের কথা, উল্টো ঋণ-পান কইর্যা চলা লাগবি।’
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জন প্রামাণিক বলেন, এবার মরিচের আবাদ ও ফলন দুই-ই আগের চেয়ে বেশি হয়েছে। তবে বাজারে যে দামে মরিচ বিক্রি হচ্ছে, তাতে কৃষকের ক্ষতি হওয়ায় তাঁরা মরিচ চাষে অনাগ্রহী হয়ে পড়তে পারেন।
মরিচচাষি ও স্থানীয় কৃষি কার্যালয় সূত্র জানায়, সাঁথিয়া উপজেলা এখন দেশের অন্যতম কাঁচা মরিচ উৎপাদনকারী এলাকা। এখানে উৎপাদিত কাঁচা মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। এবার এ উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে মরিচের আবাদ হয়েছে। ফলনও হয়েছে অন্যান্য বছরের তুলনায় বেশি। এবার এ উপজেলায় ৬ হাজার ৫০ একর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ২৪৭ একর বেশি। মে মাসের শুরু থেকে আগস্ট পর্যন্ত এ এলাকার মরিচগাছগুলোতে মরিচ ধরে।