চোর ও বাল্যবিবাহ ঠেকাতে মাইকিং
গরু চুরি ও বাল্যবিবাহ ঠেকাতে এলাকায় মাইকিং করছেন রাজশাহীর বাগমারার যোগিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল। লোকজনকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মোস্তফা।
ইউপি পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল ও স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, কিছুদিন ধরে এলাকায় গরু চুরি ও বাল্যবিবাহ বেড়ে গেছে। অনেক কৃষক হালের গরু চুরি হওয়ায় চাষাবাদ করতে পারছেন না। গরু চুরির বিষয়টি অনেক কৃষক চেয়ারম্যানকে জানান। এ ছাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিভাবকেরা তাঁদের কম বয়সী মেয়েদের বিয়ে দিচ্ছেন। চেয়ারম্যান বয়স পরিবর্তন করে কোনো জন্মনিবন্ধন সনদ না দিলেও বাল্যবিবাহ থামানো যাচ্ছে না। এসব বিষয় নজরে আসায় এক সপ্তাহ ধরে ইউপি কার্যালয় থেকে এলাকায় ওই মাইকিং করা হচ্ছে। মেয়েদের বাল্যবিবাহ না দেওয়া ও গরুচোরদের চিহ্নিত করে তাদের সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে ওই মাইকিং করা হচ্ছে। চুরিরোধে রাতে গোয়ালঘরে নজর রাখারও পরামর্শ দেওয়া হচ্ছে।
ইউপি পরিষদের চেয়ারম্যান মোস্তফা বলেন, পাঁচটি মাইকযোগে এই প্রচারণা চালানো হচ্ছে। ইতিমধ্যে অনেকে গরুচোরদের সম্পর্কে তথ্য দিতে শুরু করেছেন। সেগুলো পুলিশকে জানানো হবে।
থানার ওসি সেলিম হোসেন বলেন, চেয়ারম্যানের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।