চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী সেজে চট্টগ্রাম নগরের বাসাবাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। বৃহস্পতিবার কোতোয়ালি থানার পুলিশ চক্রটির সন্ধান পেয়েছে।পুলিশ জানায়, ওই চক্রের সদস্য কুলসুমা বেগম ওরফে সেলিনা (৩৮), রানা আহম্মেদ (২৬), রকিবুল হাসান (২০) ও আলমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।সূত্র জানায়, গত ৬ মার্চ সেলিনা পরিচয়ে এক নারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্যোতি প্রকাশ দত্তের আলকরণের বাসায় কাজের খোঁজে যান। গৃহকর্মীর খুব দরকার হওয়ায় সেদিনই তাঁকে কাজে নিয়োগ দেওয়া হয়। এরপর ৮ মার্চ বেলা ১১টার দিকে সেলিনা বাসার কাউকে কিছু না বলে চলে যান। পরে দেখা যায়, বাসা থেকে একটি মুঠোফোন সেট খোয়া গেছে।জ্যোতি প্রকাশ দত্ত এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন।পুলিশ সূত্র জানায়, এই মামলার পর কোতোয়ালি থানার পুলিশের একটি বিশেষ দল নগরের টাইগার পাস এলাকা থেকে রানা আহম্মদকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সেদিন রাতে গৃহকর্মী কুলসুমা বেগম ও তাঁর স্বামী আলমকে গ্রেপ্তার করা হয়। পরে রকিবুল হাসানকে একই এলাকা থেকে একটি ল্যাপটপসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা কুলসুম বেগম, শেফালীর মা ইত্যাদি ছদ্মনামে বিভিন্ন নারীকে নগরের বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে প্রবেশ করান। পরে বাসার লোকজনকে কখনো নেশাজাতীয় দ্রব্য খাইয়ে, আবার কখনো বাসার লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় ল্যাপটপ, মুঠোফোন, টাকা-পয়সা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান। এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, এ চক্রের সদস্যরা নগরের বিভিন্ন অভিজাত এলাকায় বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে ঢুকে কিছুদিন থাকার পর ল্যাপটপ, মুঠোফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ইত্যাদি চুরি করে নিয়ে যান। চুরির জিনিস এনে রানা আহম্মদের হাতে তুলে দেওয়া হয়। পরে তা ভাগাভাগি হয়। তিনি বলেন, শেফালীর মা ছাড়া এ চক্রের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।