চোর ছিল না সামিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু সামিউল হত্যা
শিশু সামিউল হত্যা

সিলেটের শিশু শেখ মো. সামিউল আলম রাজন (১৪) চোর ছিল না বলে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি আয়াজ আলী (৪৫)। গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে তিনটা ৫৫ মিনিট—প্রায় এক ঘণ্টা জবানবন্দি দেন আয়াজ।
এদিকে সামিউল হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল তার গ্রাম বাদেয়ালির পথ অনন্তপুর-মাশুকগঞ্জ সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। এতে শিশু-কিশোরেরা ছাড়াও বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা অংশ নেন। পরে বাদেয়ালি গ্রামে সমাবেশ হয়।
বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউলকে ৮ জুলাই চোর অপবাদে নির্যাতন করে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই তার ভিডিও চিত্র ধারণের পর প্রকাশ করেন।
আসামি আয়াজ গতকাল সিলেট মহানগর হাকিম আদালতে (প্রথম) জবানবন্দি দেন। বিচারক সাহেদুল করিম জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার জানান, আয়াজ প্রত্যক্ষদর্শী ছিলেন—এ কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে তিনি নির্যাতন করেননি বলে জানান। এ ছাড়া সামিউলকে মিথ্যা অভিযোগে ধরা হয়েছিল, কে ধরেছিল—এসবের বর্ণনা দিয়েছেন আয়াজ। জবানবন্দির পরপরই তাঁকে কারাগারে পাঠানো হয়।
আদালত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, আয়াজ জবানবন্দিতে উল্লেখ করেন, সামিউলকে একটি অটোরিকশা গ্যারেজ থেকে আটক করে চৌকিদার ময়না মিয়া হাতেনাতে চোর ধরেছে বলে চিৎকার করে লোক জড়ো করেন। কিন্তু কী চুরি করেছে সামিউল—তা না বলেই ময়না তাকে দোকানঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। গ্যারেজে সামিউল কী করছিল?—এ প্রশ্নের জবাবে আয়াজ জানান, খুব সম্ভবত সেখানে সামিউল তার সমবয়সী চার-পাঁচজন সঙ্গী নিয়ে খেলাধুলা করছিল। এ কারণেই চোর অপবাদ দিয়ে ধরা হয়েছিল। ‘চোর’ বেঁধে রাখা হয়েছে—এমন ঘটনা প্রত্যক্ষ করতে গিয়ে নির্যাতন করেন অনেকেই। জবানবন্দিতে আয়াজ আরও জানান, তিনি একবারও সামিউলকে মারধর করেননি।
সামিউল হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মূল হোতা কামরুল ইসলাম সৌদি আরবে পুলিশের হেফাজতে আছেন। আসামিদের মধ্যে এ পর্যন্ত পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রত্যক্ষদর্শী আজমত উল্লাহ ও ফিরোজ আলীও ঘটনা প্রত্যক্ষ করার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল তৃতীয় প্রত্যক্ষদর্শী হিসেবে আয়াজ জবানবন্দি দিলেন।
মানববন্ধন ও সমাবেশ: এলাকাবাসীর উদ্যোগে গতকাল অনন্তপুর-মাশুকগঞ্জ সড়কে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত মানববন্ধন হয়। সামিউল হত্যাকাণ্ডের পর প্রথমবারের মতো শিশু-কিশোরদের এ কর্মসূচিতে একাত্ম হয়েছিলেন আওয়ামী লীগ-বিএনপির নেতাসহ বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা।
স্থানীয় ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরেরা ‘আমারে কেউ বাঁচাও রে-বা, আমার নাম রাজন!’সহ নির্যাতনকালে সামিউলের নানা আর্তনাদ লেখা ব্যানার-ফেস্টুন উঁচিয়ে ধরে ‘বিচার চাই, বিচার চাই...’ বলে স্লোগান দেয়। মানববন্ধন শেষে বাদেয়ালি গ্রামের সামিউলের বাড়ির সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করে সামিউলের সমবয়সী ইসমাইল খান।
সমাবেশে সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, টুকেরবাজার ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ প্রমুখ বক্তব্য দেন।