চোর ধরতে গিয়ে আমরাই চোর হয়ে গেলাম: প্রধানমন্ত্রী
‘চোর ধরতে গিয়ে আমরাই চোর হয়ে গেলাম’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা একে একে অনিয়ম ধরে সেগুলো দূর করতে কাজ করে যাচ্ছি। চোর ধরতে গিয়ে আমরাই চোর হয়ে গেলাম। আমরাই ডেসটিনি আর হল-মার্ক ধরলাম। এখন আমাদের ওপর দোষ চলে আসছে। অথচ ডেসটিনি ও হল-মার্কের অনিয়ম অনেক আগে থেকেই চলে এসেছে।’গতকাল শনিবার গণভবনে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের সমর্থক আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি ওই দিনই অর্থমন্ত্রীকে বলেছিলাম, আমরা এসব অনিয়ম না ধরলে তো কেউ আমাদের বলতে পারত না। দীর্ঘদিন ধরে অনিয়ম চলে এসেছে। আমরা এসে এগুলো ধরলাম।’আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে চায়, তারা বিভ্রান্তি ছড়াবে। এ জন্য আইনজীবীদের সজাগ থাকতে হবে।’২০১২ সালের বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর জন্য দলীয় কোন্দলকে দায়ী করেন আইনজীবীরা। মূলত ওই নির্বাচনে পরাজয়ের পরিপ্রেক্ষিতে আইনজীবীদের মধ্যে বিভক্তি নিরসনের লক্ষ্যে গতকাল এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।খুলনা থেকে আসা এস এম মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগের আইনজীবীদের মধ্যে বিভাজনের কারণে বার কাউন্সিলের নির্বাচনে পরাজয় হয়েছে। বিভক্তি দূর না হলে ভবিষ্যতে জেলা বারের নির্বাচনেও একই পরিণতি হবে।রাজশাহীর আশরাফুল হক সরকার বলেন, ‘আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়। তাই দুই পক্ষকে এক জায়গায় নিয়ে আসা দরকার।’শেখ হাসিনা বলেন, ‘এবার বার কাউন্সিল নির্বাচনের ফলাফলের জন্য আমার নিজেকেই দায়ী মনে হচ্ছে। আমাকে আরও শক্তভাবে ধরা উচিত ছিল। বারবার প্যানেল পরিবর্তন করার কারণেই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদকে অবহেলা করার কিছু নেই। আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মধ্যে সংঘাত থাকা ঠিক নয়।মতবিনিময় সভার মঞ্চে শেখ হাসিনার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, সৈয়দ রেজাউর রহমান, সাহারা খাতুন, কামরুল ইসলাম, শিরীন শারমিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু।