চোর ধরতে গিয়ে পিকআপের ধাক্কায় পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি যাওয়া গরুসহ পিকআপ আটক করার জন্য পুলিশের একটি দল গাড়ি নিয়ে ছুটছিল। কিন্তু সেই পিকআপের ধাক্কায় গাড়িটি উল্টে পুলিশের এক সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার ভোরে অভয়নগর উপজেলার রাজঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত পুলিশ সদস্যের নাম ইউনুস আলী (৫২)। তিনি নওয়াপাড়া মহাসড়ক পুলিশ ফাঁড়ির কনস্টেবল। আহত ব্যক্তিরা হচ্ছেন, একই ফাঁড়ির কনস্টেবল শাহাবুল(৪৮), ফজলুর রহমান(৪৫), রুহুল আমিন (৪৭) ও গাড়িচালক সুনীল কুমার (৫৫)। নিহত ইউনুসের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরাজপুর গ্রামে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত উপজেলার প্রেমবাগ এলাকার রশিদ ও মিলনের গোয়াল থেকে শুক্রবার রাতে ৪টি গরু চুরি করে পিকআপে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে গরুর মালিকেরা অভয়নগর পুলিশকে জানান। পুলিশ পিকআপটি ধাওয়া করে। রাজঘাটে পৌঁছালে ওই পিকআপটি টহল পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইউনুস আলী নিহত ও শাহাবুল, ফজলুর রহমান, রুহুল আমিন, সুনীল কুমার আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।