খাগড়াছড়িতে গত সোমবার রাতে গরুচোর দলকে ধাওয়া করতে গিয়ে বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। মাগুরাতেও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বাসের ধাক্কায়। এ ছাড়া সোমবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, কুষ্টিয়া ও পিরোজপুরে একজন করে নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়।
এ নিয়ে গত ১৪৮ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ১ হাজার ৩৩৭ জন। সংশ্লিষ্ট জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
স্থানীয় ব্যক্তিরা জানান, সোমবার ভোররাতের দিকে খাগড়াছড়ির রামগড় উপজেলার তৈচালা এলাকার নুরুল আলমের বাড়ি থেকে চারটি গরু চুরি করে চোরেরা। এরপর তারা গরু চারটি বাসে তুলে নিয়ে পালাচ্ছিল। এ সময় নুরুল আলমের কয়েক আত্মীয় মোটরসাইকেল নিয়ে বাসটিকে ধাওয়া করেন। মানিকছড়ি আমতল এলাকায় গিয়ে তাঁরা বাসটির পথরোধ করার চেষ্টা করেন। তখন মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। এতে গুইমারা উপজেলার মহিদুল ইসলাম (৩৩) ও মো. আরিফ (২৫) মারা যান। আহত হন জামাল উদ্দিন। তাঁরা সবাই নুরুল আলমের আত্মীয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান বলেন, মিনিবাসটিতে কী ছিল এবং মোটরসাইকেল আরোহীরা কেন ধাওয়া করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
মাগুরার শালিখায় গতকাল সকালে যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিহত হন উপজেলার নাঘোষা গ্রামের আতিক হাসান (২৬) ও তাঁর শ্যালিকা যশোরের বাঘারপাড়ার সাথী আক্তার (১৬)। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, আতিক সাথীকে মোটরসাইকেলে নিয়ে যশোরের বাঘারপাড়ায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজের সামনে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় খুলনা থেকে ফরিদপুরগামী শাহজাহান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ওই দুজন ঘটনাস্থলেই মারা যান।
ফেনী-নোয়াখালী মহাসড়কে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুরেরগো পোল এলাকায় বাসচাপায় রাবেয়া খাতুন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে। পটুয়াখালীর দুমকি উপজেলায় দুমকি-বাউফল সড়কে একটি টেম্পোর ধাক্কায় আহত হয়েছেন ব্যাটারিচালিত রিকশার যাত্রী রুহুল আমীন শিকদার (৪৫)।
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুরের বানাপুকুর এলাকায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় কাতারপ্রবাসী আবুল হাসনাত ওরফে জুয়েল (২৪) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে জুয়েল মোটরসাইকেলে করে ফেনী যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি ছিটকে একটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে মারা যান।
কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে ট্রাকচাপায় ফাতেমা খাতুন নামে (৪৫) এক নারী নিহত হয়েছেন গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় রাজবাড়ীগামী একটি ট্রাক ফাতেমাকে ধাক্কা দিলে তিনি মারা যান। এদিকে পিরোজপুর সদরে গত সোমবার রাতে আদাজুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী (৪৫) নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।