চোর-পুলিশ খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo. com

নব্বই বা তার আগের দশকগুলোতে যাদের জন্ম এবং যাদের শৈশব ও কৈশোর কেটেছে গ্রামীণ আবহে, তাদের কাছে চোর-পুলিশ খেলাটা অনেক পরিচিত এবং জনপ্রিয়। এ খেলায় কোনো একটি ছেলে বা মেয়ে (মাঝেমধ্যে দলবদ্ধভাবেও হয়) পুলিশ পরিচয় পায় আর অন্য দলে চোর থাকে। চোরেরা তাদের সাধ্য অনুযায়ী যত দুরভেদ্য জায়গায় পলানো সম্ভব, তারা তা করে; অপর দিকে পুলিশ গোষ্ঠী তাদের মেধা ও পরিশ্রম কাজে লাগিয়ে তাদের খুঁজে বের করে। এর মধ্যে আরও একটা নিয়ম ছিল, যদি কোনো চোরের সদস্য পুলিশের অজান্তেই তাকে ছুঁয়ে ফেলতে পারে, তবে সে আবার নতুন করে পুলিশ সেজে সবাইকে খুঁজে বেড়াবে। কিছু দুষ্টু প্রকৃতির চোর ছিল, যারা পলানোর নাম করে দল বেঁধে পালিয়ে খেলার স্থান থেকে যার যার বাড়ি চলে যেত। বেচারা পুলিশ হন্যে হয়ে কাউকে খুঁজে না পেয়ে রাগে ক্ষোভে বাধ্য হয়ে খেলার ইতি টানত।

বরিশালে এক সপ্তাহ ধরে মাঝেধ্যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিস্নাত সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে হারানো দিনের অনেক স্মৃতির মধ্যে আজ বিশেষভাবে এ খেলাটির কথা মনে পড়ছে। করোনা যেন আমাদের সঙ্গে একুশ শতকে এসে নতুন করে আবার সেই খেলাটাই খেলছে, তছনছ করে দিচ্ছে সবকিছু। নিজের শহর ছেড়ে ১৫০ কিলোমিটার দূরে এসে আজ আমি পালিয়েছি একা। যতটুকু পারা যায় নিজেকে আড়াল করেই বাইরে যাই। 

প্রয়োজনের তালিকা ছোট করতে করতে একেবারে দেয়ালে ঠেকিয়ে দিয়েছি। অফিসে যাওয়ায় উৎসাহের বদলে আজ উৎকণ্ঠা কাজ করে। অতিপরিচিত কেউ কিছু দিলেও ডিটেকটিভ মুভির নায়কের মতো সবকিছুই সন্দেহের চোখে দেখতে হয়। করোনা-পুলিশের হাত থেকে বাঁচার জন্য এ যেন এক মস্ত সংগ্রাম।

করোনার চোর-পুলিশের সঙ্গে সত্যিকারের খেলার কিছু নিয়ম আবার মিশে না। চোর সদস্যরা মানবতা, উদারতা এসব গালভরা শব্দের সঙ্গে পরিচিত না থাকলেও এই ছোট ছেলেমেয়েগুলো ইচ্ছা করেই তাদের কোনো সদস্যকে বিপদের মুখে তথা পুলিশের কাছে ঠেলে দিত না। কিন্তু আধুনিক সভ্য দুনিয়ার এ করোনা খেলায় ছেলে বাবাকে রেলস্টেশনে শত্রুর মুখে ঠেলে দিয়ে কোনো জুতসই জায়গায় গিয়ে নিজেকে লুকিয়ে ফেলছে। মনভুলানো কথা বলে রাতের আঁধারে সন্তানেরা ‘মা’কে তুলে নিয়ে জঙ্গলে ফেলে রাখছে। অদ্ভুত ব্যাপারটা হলো করোনাকে যতটুকু নিষ্ঠুর আর নির্লজ্জ ভেবেছিলাম, আসলে অতটা সে নয় সহজ শিকার পেয়েও তার মহানুভাবতা দেখানোর উদাহরণ হরহামেশা ঘটছে।
এখন পবিত্র রমজান মাস শেষ কবে পরিবারের সঙ্গে ইফতারি করেছি মনে পড়ে না। মনে করতে পারি না শেষ কবে সাহ্‌রিতে মাকে বলেছি ‘এতবার ডাকতেছ কেন উঠতেছি তো।’ ইদানীং কেন যেন বারবার ফোন দিয়ে শুনতে ইচ্ছা করে ‘তোমাদের শরীর ঠিক আছে তো?’ ফোনের অপর প্রান্তে থাকা মা কড়ায় গণ্ডায় বিগত দুই মাস ধরে বলে দিতে পারে ঈদের কত দিন বাকি। ঈদের আগপর্যন্ত কোন দিন কত তারিখ এটা বলতে তার এখন আর ক্যালেন্ডার দেখতে হয় না। কোনো যুক্তিতর্ক নয় বা কোনো বিশ্লেষণ নয়, ঈদের এই সপ্তাহখানেক আগেও সে বিশ্বাস করে পৃথিবী সুস্থ হবে, তার ছেলেটি ফিরে আসবে। খুব শক্ত থাকার ভান করেও মাঝেমধ্যে আবেগের কাছে হেরে গিয়ে ভাবতে থাকি, বয়সের বিচারে তুমি তো আমার থেকেও অনেক খোলামেলা জায়গায় লুকিয়েছ। আমি যদি অজান্তেই করোনা পুলিশকে তোমাকে চিনিয়ে দিই! তখন? শত শঙ্কার মধ্যেও সন্ধ্যার পাখিদের ঘরে ফিরে যেতে দেখে অবলীলায় মনের মাঝে ভেসে ওঠে, আহারে যদি ওই দুষ্টু ছেলেদের মতো দল বেঁধে আমরা কোথাও পালিয়ে যেতে পারতাম, বেচারা করোনা খুঁজে হয়রান হয়ে খেলা শেষ করে দিয়ে চলে যেত।
*লেখক: অফিসার (ক্যাশ), সোনালী ব্যাংক লিমিটেড, বরিশাল ক্যাডেট কলেজ শাখা। [email protected]