চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা
চোর সন্দেহে সারা রাত বেদম মারধর করে মো. ইমরান (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর কল্যাণপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম (১৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ইমরানের বোন সালমা বেগম প্রথম আলোকে বলেন, ৬ নম্বর বস্তিতেই থাকেন তাঁরা। দু-এক দিন আগে বস্তিসংলগ্ন কল্যাণপুর ১২ নম্বর সড়ক এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে কে বা কারা টিন চুরি করে। গত রোববার রাতে তাঁর ভাই ইমরানসহ কয়েকজন বিজয় দিবস উপলক্ষে বস্তিসংলগ্ন শহীদ মিনারে পতাকা টাঙাতে যায়। তখন ইমরানসহ তিনজনকে ধরে নিয়ে যান নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মীরা।
সালমা বেগম বলেন, পরে তাঁরা জানতে পারেন, ইমরানসহ তিনজনকে সারা রাত কল্যাণপুরের একটি স্কুলের ভেতর বেদম মারধর করা হয়। দুজনকে ছেড়ে দেওয়া হলেও ইমরান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি করে তাকে শহীদ মিনারের মাঠে ফেলে রাখা হয়। সেখান থেকে তিন যুবক রিকশাযোগে ইমরানকে বাসায় নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কিশোরের সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আবুল কাশেমকে আটক করা হয়েছে। সে কল্যাণপুর সমাজকল্যাণ পরিষদ উত্তরাঞ্চলের নিরাপত্তা তত্ত্বাবধায়ক। এ ব্যাপারে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
পরিবার সূত্র জানায়, ইমরান কয়েক ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছে। পরে একটি পোশাক কারখানায় যোগ দেয়। এ ছাড়া সিটি করপোরেশনে মাঝেমধ্যে পরিচ্ছন্নতার কাজ করত।