চোর সন্দেহে গণপিটুনি যুবক নিহত
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে মুক্তার মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের ভারতের সীমান্তবর্তী পশ্চিম বটুলি এলাকায় ঘটনাটি ঘটেছে।মুক্তারের বাড়ি পাশের মধ্য বটুলি গ্রামে। এ ঘটনায় তাঁর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে স্থানীয় ১০ ব্যক্তিকে আসামি করে গতকাল রোববার সকাল নয়টার দিকে জুড়ী থানায় হত্যা মামলা করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত পশ্চিম বটুলি এলাকায় কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা চালায়।এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহলদল ধাওয়া করলে তারা দৌড়ে পালাতে থাকে। শব্দ শুনে ওই এলাকার কয়েকটি বাড়ির লোকজন চোর, চোর বলে চিৎকার শুরু করে। তারা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে এক ব্যক্তিকে আটক করে পিটুনি দেয়। ঘটনাস্থলেই ব্যক্তিটি মারা যায়। অন্যরা পালিয়ে যায়। পরে লাশটি মুক্তারের বলে শনাক্ত হয়। খবর পেয়ে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়াজ আলী জানান, নিহত মুক্তারসহ আরও কিছু লোক প্রায়ই অবৈধভাবে ভারতে ঢুকে চুরি করে গাছ-বাঁশ কেটে আনতেন বলে অভিযোগ আছে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।