চোর সন্দেহে পিটিয়ে হত্যা
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) চোর সন্দেহে হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার টিয়াখালী গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান কাঠালিয়ার শিংড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। বছর তিনেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে হাবিবুর রহমান টিয়াখালী গ্রামের বাড়ি থেকে না-বলে বামনার বুকাবুনিয়া ইউনিয়নের তালেশ্বর গ্রামে তাঁর বোনের বাড়িতে যাচ্ছিলেন। রাত আটটার দিকে তিনি ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়েন। বাড়ির মহিলারা তাঁকে ঘরের চকির নিচে দেখতে পেয়ে চিৎকার দিলে তিনি বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং মারধর করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এরপর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও সদস্য সামিউল আলম মিলে স্বীকারোক্তি আদায়ের জন্য হাবিবুর রহমানকে খুব মারধর করেন এবং পুলিশের হাতে তুলে দেন। রাত সোয়া একটার দিকে পুলিশ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক টিটপ কুমার বালা জানান, হাবিবুর রহমানের শরীরের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। গতকাল শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, গণপিটুনিতে হাবিবুরের মৃত্যু হয়েছে। ইউপি সদস্য সামিউল আলমের মুঠোফোনে গতকাল বেশ কয়েকবার কল দিলেও তিনি তা ধরেননি। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম ফারুকী গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান ও সদস্য সামিউল আলম ওই ব্যক্তিকে মারধর করেছে, এমন অভিযোগ আমার কাছেও অনেকে করেছে।’