চোর সন্দেহে পিটুনিতে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে চোর সন্দেহে দেওয়া পিটুনিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ ইমরান (১৪)। আজ সোমবার বেলা ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলো ডটকমকে দেওয়া ইমরানের বোন সালমা বেগমের ভাষ্য, তাঁরা কল্যাণপুর নতুন বাজারসংলগ্ন ৬ নম্বর বস্তিতে থাকেন। চার ভাইবোনের মধ্যে সবার ছোট ইমরান। দু-এক দিন আগে বস্তিসংলগ্ন কল্যাণপুর ১২ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে টিন চুরি হয়। ওই ভবনের নিরাপত্তাকর্মীসহ স্থানীয় কয়েকজন ইমরানসহ চারজনকে গতকাল রোববার রাতে ধরে নিয়ে সারা রাত বেদম মারধর করে। আজ সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন যুবক ইমরানকে মুমূর্ষু অবস্থায় বস্তিতে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে প্রথম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

এসআই আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় ওই ভবনের একজনকে আটক করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে তার নাম জানাতে পারেননি তিনি।