চোর সন্দেহে মা-ছেলেসহ পাঁচজনকে নির্যাতন
ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি হয়। ওই ব্যবসায়ী চোর সন্দেহে প্রতিবেশী এক নারী ও তাঁর ছেলেসহ পাঁচজনকে ধরে নিজ বাড়িতে নেন। পরে তাদের হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। দিনভর মারধর করেও চুরির স্বীকারোক্তি আদায়ে ব্যর্থ হয়ে তাদের গতকাল বুধবার পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে। পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে উত্তর বনগাঁও গ্রামের ব্যবসায়ী আবুল হাসেমের ঘরের টিন কেটে চুরি হয়। চুরিতে জড়িত সন্দেহে মঙ্গলবার সকালে সরাতি গ্রামের এক নারী (২৮) ও তাঁর ছেলে সুমন মিয়া (১৩), একই গ্রামের জুয়েল মিয়া (১৩), গাবর কালিয়ান গ্রামের রুকন মিয়া (১৪) এবং উত্তর বনগাঁও গ্রামের রুবেল মিয়াকে (১২) বাড়ি থেকে ধরে নিয়ে আসেন। ঘরে আটকে তাদের নির্যাতন করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন রুকন মিয়ার ভাষ্য, তাদের হাত-পা বেঁধে লাঠি দিয়ে বেদম পেটানো হয়। এরপর হাত-পায়ের নখের ভেতর সুচ ঢোকানো হয়। এতেও চুরির কথা স্বীকার না করায় মরিচের গুঁড়া মেশানো পানি চোখেমুখে ঢালা হয়। চিৎকার করতে করতে একপর্যায়ে তাদের কয়েকজন অচেতন হয়ে পড়ে। চেতনা ফেরার পর পিপাসায় কাতর হয়ে একটু পানি চাইলে গরম পানি মুখে ঢেলে দেওয়া হয়। নির্যাতনের শিকার নারীর অভিযোগ, তাঁকে বেধড়ক পিটিয়ে হাত ও চোখ থেঁতলে দেওয়া হয়। পরে থেঁতলে যাওয়া স্থানে মরিচের গুঁড়া ঢেলে দেওয়া হয়। অভিযুক্ত আবুল হাসেমের দাবি, চুরিতে এরা জড়িত আছে নিশ্চিত হয়েই সামান্য মারধর করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চুরি ও নির্যাতনের ঘটনায় উভয় পক্ষ থেকে দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।