চোর সন্দেহে ১৮ কর্মচারীকে আটক পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোর সন্দেহে গত মঙ্গলবার গভীর রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ বিভাগের এক এজিএমসহ ১৮ কর্মচারীকে আটক করে গ্রামবাসী। গতকাল বুধবার সকালে পুলিশ তাঁদের উদ্ধার করেন। কর্মচারীদের দাবি, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ওই রাতে অভিযান চালানো হয়।
পুলিশ ও পল্লী বিদ্যুৎ বিভাগ এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে পল্লী বিদ্যুৎ বিভাগের এক এজিএমসহ ২২ কর্মচারী ট্রাকযোগে বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামে আসেন। তাঁদের আসার খবর আগে থেকে জানত না গ্রামবাসী। কর্মচারীরা একটি সেচপাম্পের মিটার খুলে নিলে গ্রামবাসী তাঁদের চোর হিসেবে সন্দেহ করে। পরে কলাগাছ দিয়ে রাস্তা আটকে রেখে গ্রামবাসী ওই বিদ্যুৎকর্মীদের বহনকারী ট্রাক যেতে বাধা দেন। ওই সময় পল্লী বিদ্যুৎ বিভাগের এজিএম রফিকুল ইসলামসহ ১৮ জন বিদ্যুৎকর্মীকে তাঁরা আটক করেন। বাকিরা পালিয়ে যান। ওই সময় উত্তেজিত জনতা আটক গাড়িতে ভাঙচুর ও কর্মচারীদের পিটুনি দিয়ে গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে আটকে রাখেন। পরে গতকাল বুধবার সকাল নয়টার দিকে থানার ওসি কামরুল ইসলাম ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর জেনারেল ম্যানেজার (জিএম) রেজাউল করিম এসে কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করেন।
রফিকুল ইসলাম বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে রুটিনমাফিক প্রতি মাসে দুটি অভিযান চালানো হয়। গত মঙ্গলবার রাতে অভিযান চলাকালে সেচ পাম্পের মিটারটি পুড়ে গেছে দেখে সেটি খুলে নেওয়া হয়। এ সময় গ্রামবাসী ভুল বুঝে তাঁদের আটক করেন।