চোরচক্রের ছয় সদস্য গ্রেপ্তার উদ্ধার হয়েছে ১২টি গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, চট্টগ্রাম ও ফেনীতে অভিযান চালিয়ে গাড়ি চোরচক্রের কথিত ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার থেকে তিন দিন অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের ১২টি গাড়ি ও নম্বর ছাড়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।ডিবি সূত্র জানায়, শুক্রবার ডিবি পুলিশ রাজধানীর পল্লবী ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে রাজীব মোল্লা (২৫), মো. সবুজ (২৬), নুরন্নবী (৩০) ও মইনউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে ডিবির ওই দলটি আলাদাভাবে অভিযান চালিয়ে নোয়াখালী থেকে মো. জহির (৩৫) এবং চট্টগ্রাম থেকে মো. মাহবুবকে (২৭) গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া কথিত এ চোরচক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে চোরাই আটটি ব্যক্তিগত গাড়ি, তিনটি মাইক্রোবাস, একটি পিকআপ ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে ডিবি জানায়।অভিযানের তদারককারী ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা গাড়ি চুরি করে তা চট্টগ্রামের মাহবুবের কাছে পাঠাতেন। মাহবুব গাড়িগুলো সেখানে বিক্রি করতেন। চট্টগ্রামে গাড়ি পৌঁছানোর মাধ্যম হিসেবে কাজ করতেন নোয়াখালী থেকে জহির। উদ্ধার হওয়া গাড়িগুলো রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকা থেকে চুরি করা হয়েছিল। এ ব্যাপারে ওই দুই থানায় মামলা হয়েছে।ডিবির কর্মকর্তা শহিদুল্লাহ জানান, গ্রেপ্তার হওয়া ছয়জনের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল রোববার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করে তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা গাড়িচোর দলের সদস্য বলে দাবি করেন ডিবির কর্মকর্তা শহিদুল্লাহ।