চোরাই গাড়িসহ আটক সাংসদপুত্র ছাড়া পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাই গাড়িতে সরকারদলীয় এক সাংসদের ছেলেসহ দুজনকে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সাংসদপুত্রকে পুলিশ ছেড়ে দিয়ে তাঁর সঙ্গী রাসেলকে গ্রেপ্তার করেছে।

কাফরুল থানার পুলিশ জানিয়েছে, ওই চোরাই গাড়িতে সাংসদপুত্রকে পাওয়া গেলেও তিনি চুরির সঙ্গে জড়িত ছিলেন না, তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক হিসেবে সামিয়া রহমান নামের একজন চিকিৎসক তিনজনকে আসামি করে মামলা করেছেন।

সামিয়া রহমান প্রথম আলোকে বলেন, গত ১৪ জুলাই তাঁর মাদকাসক্ত ভাইকে গাড়িসহ ডেকে নিয়ে যান সাইদুল রাসেল, শরীফ ও শেহজাদ নামের তিন ব্যক্তি। পরদিন বিধ্বস্ত অবস্থায় তাঁর ভাই গাড়ি ছাড়া বাসায় ফেরেন। এরপর গত শনিবার বিকেলে গাড়িটি উদ্ধার হওয়ার পর তিনি এই তিনজনের বিরুদ্ধে চুরির মামলা করেন। তাঁদের মধ্যে গাড়িসহ আটক রাসেলকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাদীর একজন স্বজন জানান, টয়োটা এক্সিও গাড়িটি ১৪ জুলাই চুরি হওয়ার পর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত শনিবার তিনি বিমানবন্দর সড়কের কাওলা ওভারব্রিজের নিচে গাড়িটি দেখতে পান। গাড়িতে দুই তরুণ বসা ছিলেন। তিনি (বাদীর আত্মীয়) গাড়ির চালকের পাশের জানালার কাচে টোকা দেন। কিন্তু তাঁরা কাচ না নামিয়ে গাড়িটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি নিজের গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে বারিধারা ৫ নম্বর সড়কে স্থানীয় লোকজনের সহায়তায় চোরাই গাড়িটি আটক করেন। স্থানীয় লোকজন দুই তরুণকে আটক করে ক্যান্টনমেন্ট থানার পুলিশের হাতে তুলে দেন।

পরে জানা যায়, আটক দুজনের একজন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর ছেলে নাঈম জালাল চৌধুরী। আরেকজনের নাম রাসেল। কাফরুল থানায় তাঁদের হস্তান্তর করা হয়। কাফরুল থানার পুলিশ পরে নাঈমকে ছেড়ে দেয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ওই গাড়িটি যে চোরাই, সেটা সাংসদের ছেলে নাঈম জানতেন না। না জেনে তিনি গাড়িতে উঠেছিলেন। এ জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। মামলার বাদীও তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

জানতে চাইলে সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, গাড়ি চুরির দায়ে গ্রেপ্তার হওয়া রাসেলের ছোট ভাই তাঁর ছেলে নাঈমের বন্ধু। শনিবার বিকেলে নাঈমকে বাইরে বেড়ানোর কথা বলে রাসেল ডেকে নিয়ে যান।