চোরাই গাড়িসহ গ্রেপ্তার ২
গত বৃহস্পতিবার একটি চোরাই ব্যক্তিগত গাড়িসহ (প্রাইভেট কার) সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। একই দিন তারা আরেকটি অভিযান চালিয়ে নগরের সিআরবি এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গাড়িচোর চক্রের সন্দেহভাজন সদস্যের নাম মো. করিম (২৪)। তিনি সন্দ্বীপের বোন্দার বাড়ি এলাকার বাসিন্দা। নগরের সরাইপাড়া এলাকায় তিনি বসবাস করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ৫ মার্চ রাত আটটার দিকে আউটার স্টেডিয়ামের সামনে থেকে একটি গাড়ি চুরি হয়। ঘটনার পরপরই গাড়িটির চালক মো. আলমকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার করিমকে গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আলম কারটি করিমের কাছ থেকে নিয়ে ঢাকায় পাঠিয়ে দেন। এর আগে নম্বর প্লেট পরিবর্তন করেন। করিমকে গ্রেপ্তারের পর তাঁকে দিয়ে চট্টগ্রামে ক্রেতা আছে বলে গাড়িটি এখানে আনা হয়। ওসি জানান, করিমদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা এর আগেও গাড়ি চুরি করেছিল। এদিকে, পুলিশের একই দল রাতে টাইগারপাস মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোহাম্মদ ফরিদ (৩৮) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইকাজে ব্যবহূত দুটি সিএনজিচালিত অটোরিকশা ফেলে ফরিদের সহযোগীরা পালিয়ে যান।