চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ গত সোমবার গাড়িচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কুমিল্লা দক্ষিণ সদরের একটি বাড়ি থেকে একটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় গাড়ি চুরির সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে। চোরাই গাড়ি ব্যবহার করে তারা ভারত সীমান্ত দিয়ে মাদক পাচার করে। পুলিশ সূত্র জানায়, গাড়িচোর সন্দেহে গ্রেপ্তার হওয়া চারজন হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের মেচতলা গ্রামের শাহজাহান মজুমদার (৪২), একই জেলার দক্ষিণ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের জামাল (৪২), উপজেলার শুভপুর গ্রামের স্বপন (৪০) ও খাগড়াছড়ির রামগড় উপজেলার যৌথ খামার গ্রামের ওমর ফারুক (২২)।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া জামাল ও শাহজাহান ঢাকায় অসংখ্য গাড়ি চুরির নেতৃত্ব দিয়েছেন। জামাল চট্টগ্রাম মহানগর এলাকায় একটি গাড়ি চুরি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে গাড়ি চুরি ও মাদক পাচারের অভিযোগে সাতটি মামলা আছে। শাহজাহান ও স্বপনের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, এই চক্রটি ঢাকা ও চট্টগ্রামে অনেক গাড়ি চুরি করেছে। চোরাই গাড়ি ব্যবহার করে তারা কুমিল্লায় ভারতীয় সীমান্ত দিয়ে পাচার হওয়া মাদকদ্রব্য পরিবহন করছিল।অটোরিকশা চুরির অভিযোগে গ্রেপ্তার ৩: নগর গোয়েন্দা পুলিশ অটোরিকশা চুরির অভিযোগে গত সোমবার রাতে নগর ও শহরতলি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ফৌজদারহাটের মো. মহিউদ্দিন (৩৫), নাজির আহম্মেদ (৪০) ও অটোরিকশাচালক মোহাম্মদ মিলন (৩০)। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চোরাই অটোরিকশার ইঞ্জিন ও চেসিসের নম্বর পরিবর্তন করে ভুয়া কাগজপত্র বানিয়ে তা বাইরে বিক্রি করে। তাদের কাছ থেকে নম্বর পরিবর্তনের যন্ত্র ও লোহালক্কড়ও উদ্ধার করা হয়েছে।