চোরাই গাড়িসহ ফেনসিডিল ও অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে এক হাজার ২৬৩ বোতল ফেনসিডিলসহ একটি চোরাই প্রাইভেট কার ও ঝিকরগাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাগান থেকে একটি দেশি এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পৃথক দুটি মামলা করা হয়েছে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাহিদুল করিম বলেন, একটি চক্র ঢাকা থেকে প্রাইভেট কার চুরি করে বেনাপোল থেকে মাদকদ্রব্য ঢাকায় নিয়ে যেত। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি অনুসরণ করা হয়। টের পেয়ে চালক ও মাদক ব্যবসায়ীরা ধর্মতলা এলাকার সোনালী ফিলিং স্টেশনে গাড়িটি রেখে পালিয়ে যান। পরে মাদকদ্রব্যসহ গাড়িটি যশোর কোতোয়ালি থানায় জমা দেওয়া হয়েছে। এদিকে গত শুক্রবার রাত একটার দিকে ঝিকরগাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি বন্দুক উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে ।