চুরি করা প্রতিটি ট্রান্সফরমার কারখানায় পৌঁছানো পর্যন্ত চোর চক্রকে দেওয়া হয় এক লাখ টাকা। এ টাকা নগদ পরিশোধ করা হয়। শিল্পকারখানার বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কারখানায় একটি চোরাই ট্রান্সফরমার খুলে তিনটি ট্রান্সফরমারে রূপান্তর করা হয়। এসব ট্রান্সফরমার আবার বিক্রি করা হয় পল্লী বিদ্যুতের কাছে।নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা রিমান্ডে পুলিশের কাছে এসব তথ্য দিয়েছে। গত সোমবার ট্রান্সফরমার চোর চক্রের ছয় সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় তারা এসব তথ্য দেয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গতকাল মঙ্গলবার জানান, রিমান্ডে চোর চক্রের সদস্যরা স্বীকার করেছে, এ পর্যন্ত তারা শতাধিক ট্রান্সফরমার চুরি করেছে। সবচেয়ে বেশি চুরি করেছে ঢাকা সিটি করপোরেশন এলাকা থেকে। প্রতিটি ট্রান্সফরমার চুরিতে ৮-১০ জনের একটি দল থাকে। তারা প্রথমে একটি তারের সাহায্যে নেগেটিভ ও পজেটিভ একত্র করে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে ট্রান্সফরমারের যন্ত্রাংশ খুলে কাঠের গুঁড়িভর্তি ট্রাকে করে কৌশলে ঢাকার কদমতলী এলাকার দুটি চোরাই কারখানায় নিয়ে যায়। সেখানে ট্রান্সফরমারগুলোর বিভিন্ন অংশ খুলে ফেলা হয়। ওসি জানান, ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, গত শনিবার ভোরে ঢাকার কদমতলী এলাকা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলো সবুজ, মমিন, জাহাঙ্গীর, জব্বার, দিরেন্দ্রনাথ ও আরিফ।