চোরাই পথে আনা দুটি ট্রলার আটক
কোস্টগার্ডের পূর্বাঞ্চল কার্যালয়ের অদূরে কর্ণফুলী নদী থেকে দুটি চোরাই ট্রলার আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার দুপুরে মাছ ধরার ট্রলার দুটি আটক করা হয়।
সূত্র জানায়, আটক ট্রলার দুটি হচ্ছে এফবি হজরত শাহ আমানত (এমটি ৩১) এবং এফবি সুনেহরা-১। থাইল্যান্ড থেকে চোরাইপথে চট্টগ্রামের তৈয়বুল্লাহ ও তাজউদ্দিন নামের দুই ব্যক্তি ট্রলার দুটি নিয়ে আসেন। এরপরই অবকাঠামো পরিবর্তন করে এবং নাম পাল্টিয়ে সমুদ্রে মাছ ধরার জন্য প্রস্তুত করা হচ্ছিল ট্রলার দুটি।
কোস্টগার্ড জানায়, গত ২ জানুয়ারি ট্রলার দুটি কর্ণফুলী নদীতে আনা হয়। এরপর ট্রলার দুটির মাছ ধরার অনুমতি নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ট্রলার আমদানি বা কেনার কোনো প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা কাঠের তৈরি বিশাল ট্রলার দুটির ওপর কড়া নজর রাখেন। চোরাই ট্রলার হিসেবে নিশ্চিত হওয়ার পর গতকাল দুপুরে ট্রলার দুটি আটক করেন তাঁরা।
ট্রলার দুটি সরেজমিন পরীক্ষা করে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রলার দুটি আমদানি ও কোথায় থেকে কেনা হয়েছে—এসব বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। এ কারণে চোরাই ট্রলার দুটি কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সামুদ্রিক মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, নিয়ম অনুযায়ী ট্রলার কেনার জন্য লাইসেন্স থাকতে হয়। এরপর নানা দালিলিক কাজ শেষে মাছ ধরার অনুমতিপত্র নিতে হয়। আবার লাইসেন্সের বিপরীতে বিদ্যমান ট্রলার প্রতিস্থাপন করতে হলেও অনুমতি নিতে হয়। কিন্তু এসব কিছু ছিল না ট্রলার দুটির মালিকপক্ষের কাছে।
সূত্র জানায়, গতকাল অভিযানের সময় কোস্টগার্ড মালিকপক্ষকে ঘটনাস্থলে আসতে বললেও তারা আসেনি।