চোরাই পথে যাচ্ছে মাছ আসছে মাদকদ্রব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই মাসের বেশি সময় ধরে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি বন্ধ। কিন্তু ত্রিপুরার বাজারে কমতি নেই বাংলাদেশের ইলিশসহ অন্যান্য মাছের। এই মাছ যাচ্ছে চোরাই পথে। অন্যদিকে ভারত থেকে আসছে ফেনসিডিল, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য।
সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও শুল্ক বিভাগের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগ জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে গড়ে ২১ থেকে ২২ কোটি টাকার মাছ রপ্তানি হয় ত্রিপুরায়। কিন্তু ছোট মাছ (প্রতিটি ওজনে এক কেজির চেয়ে কম) রপ্তানিতে সরকারের নগদ ১০ শতাংশ ভর্তুকি স্থগিত ও ভারতের বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় ৯ জুলাই থেকে মাছ রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যদিকে গত রমজান মাস থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ আছে। কিন্তু ত্রিপুরায় মাছ পাচার হচ্ছে।
এ নিয়ে ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ ২২ আগস্ট ‘আমদানি বন্ধ, বাজারে চড়ছে মাছের দাম’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ‘মাঝেমধ্যে বেআইনিভাবে বাঁকা পথে কিছু মাছ বাংলাদেশ থেকে আমদানি হওয়ায় এখনো বাজারে কিছুটা ছোট মাছ পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে ইলিশও।’
সীমান্তের একাধিক বাসিন্দা জানান, আখাউড়ার আজমপুর, কুড়িপাইকা, ধলেশ্বর, বাউতলা, কালিকাপুর, জয়নগর, ইটনা ও কর্মমঠ এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, মিরাশানি ও বিষ্ণুপুর এলাকা মাছ পাচার ও মাদক চোরাচালানের ঘাট হিসেবে পরিচিত। এসব সীমান্তে প্রতিদিন ছোট পিকআপ ভ্যানে ভর্তি করে বিপুল পরিমাণ মাছ জড়ো করা হচ্ছে। এ ছাড়া সেখানে কাঁটাতারের বেড়ার নিচে পানি চলাচলের জন্য কংক্রিটের মোটা পাইপ দেওয়া আছে। কখনো এই পাইপের ভেতর দিয়ে, কখনো কাঁটাতারের পকেট গেট দিয়ে (বিএসএফ এই গেট খুলে দেয়) মাদক আসছে বাংলাদেশে। আর ভারতে যাচ্ছে মাছ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবস্থিত বিজিবি ১২ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, ভারতে পাচারের চেষ্টাকালে গত মে থেকে জুলাই পর্যন্ত ২৬ হাজার ৪১১ কেজি মাছ জব্দ করা হয়। এর মধ্যে চাষ, বিপণন ও পরিবহননিষিদ্ধ পিরানহা, ইলিশ ও অন্যান্য মাছ ছিল। ওই তিন মাসে চোরাচালানের মাছ বহনের অভিযোগে ১৫টি পিকআপ ভ্যান আটক করা হয়। মামলা দেওয়া হয় নয়টি। মামলাগুলোর ১৭ জন আসামির ছয়জনকে আটক করে বিজিবি।
একই সংস্থার সদস্যরা গত জুন, জুলাই ও আগস্ট মাসে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় দুই হাজার ৯৫৫ বোতল ভারতীয় হুইস্কি, দুই হাজার ৩১৪ বোতল ফেনসিডিল, ২৩৪ কেজি গাঁজা, ২৮০ বোতল রিকোডেক্স, ৭৭ লিটার চোলাই মদ, ৪৪টি ইয়াবা বড়ি, ২০০টি ইনজেকশন, ৪৬ হাজার ৩০০টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় বড়ি জব্দ করেন।
এদিকে আখাউড়া ও পাশের কয়েকটি উপজেলা থেকে আখাউড়া শহরের ওপর দিয়ে রাতে অবাধে মাছ বহনকারী পিকআপ ভ্যান চললেও পুলিশ অবৈধ মাছ বহনকারী একটি পিকআপও ধরতে পারেনি। অভিযোগ রয়েছে, মাছ পাচারকারীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে পুলিশ নীরব আছে। তবে মাঝেমধ্যে বিশেষ অভিযানের নামে তারা কিছু মাদক উদ্ধার করে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলোকে বলেন, ত্রিপুরার বাজারে বাংলাদেশি মাছের ব্যাপক চাহিদা আছে। ডলারের দাম আরও বাড়লেও সেখানে মাছ রপ্তানি থামার নয়। চোরাই পথে কম টাকায় অবাধে মাছ যাচ্ছে বলেই রপ্তানি বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধকারীরা আন্তরিক হলে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন থেকে দেশ বঞ্চিত হতো না।
যোগাযোগ করা হলে বিজিবির ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, বিজিবি সতর্ক আছে বলে সীমান্তে মাছ পাচার ও মাদক চোরাচালান অনেকটা নিয়ন্ত্রণে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমানার অপর পাড়ে মাছ যেতে পারে। তবে জেলা টাস্কফোর্স শহরে নিয়মিত অভিযান চালালে মাদক অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে তিনি মত দেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ত্রিপুরায় মাছ পাচার হওয়ার বিষয়টি স্বীকার করেন। এ জন্য পুলিশ কোনো অবৈধ সুবিধা নেয় না বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ভারতে মাছ পাচার ও সেখানকার মাদকের আগমন ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং সীমান্তে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।