চোরাই ফোনসেট নিয়ে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে গতকাল বুধবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। চোরাই মোবাইল ফোনসেট বিক্রিকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী। সংঘর্ষে ধারালো অস্ত্র, গুলি ও বোমার ব্যবহার করা হয়।আহত ব্যক্তিদের মধ্যে মঙ্গল (৩১) ও আবদুুর রউফ (৩৫) নামের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন মজিদ (২৯), রহিদুল (২৮), এখলাসসহ (২৭) সাতজন। তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানায়, কুষ্টিয়ার দৌলতপুর তারাগনিয়া গ্রামের এক ব্যক্তি চোরাই মোবাইল ফোনসেট বিক্রি করতে পাশের মেহেরপুরের কাজীপুর গ্রামে যায়। ওই গ্রামে উপজেলা আওয়ামী লীগের সদস্য আলিমের নেতৃত্বে কয়েকজন মোবাইলটি তাঁর কাছ থেকে কেড়ে নেয়। আলিম আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ মকবুল হোসেনের সমর্থক। ওই ব্যক্তি ঘটনাটি কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক ও সাধারণ সম্পাদক আবদুর রউফ ওরফে স্বপন মাস্টারকে জানান। স্বপন মাস্টারের পক্ষ গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেকের সমর্থক। তাঁরা মোবাইল উদ্ধারের জন্য মকবুল হোসেনের সমর্থকদের চাপ দেয়। এতে দুই পক্ষের দুই শতাধিক নেতা-কর্মী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে খালেক পক্ষের লোকজন পিছু হটে। এ সময় বোমা ও গুলির বিস্ফোরণ ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেকের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেনের নির্দেশে তাঁর লোকজন এই ঘটনা ঘটিয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত নন দাবি করে মকবুল হোসেন বলেন, চরমপন্থী দলের নেতা হিসেবে পরিচিত (জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান) মুকুল মুক্তি পাওয়ার পর থেকে আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব সশস্ত্র রূপ নিয়েছে। এ ব্যাপারে মুকুল বলেন, দীর্ঘদিন পর তিনি রাজনীতিতে সক্রিয় হওয়ায় দলের একাংশ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। তাঁর কোনো সন্ত্রাসী বাহিনী নেই।