চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ৩
গোয়েন্দা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর নতুন পুলিশ ফাঁড়ির কাছ থেকে শনিবার রাতে ট্রাক বোঝাই বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার এবং তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকে থাকা ওবায়দুর রহমান, ট্রাকের চালক মিলন হাজি ও হেলপার রুবেল মিয়া। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা তারের পরিমাণ পাঁচ হাজার ৩২২ মিটার। এর আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। এগুলো গোপালগঞ্জ ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, পুলিশ ট্রাক দুটি ধাওয়া করে একটিকে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে আটক করে। পেছন থেকে অপর ট্রাকটি পালিয়ে দ্রুত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ঢুকে মাল খালাস করে ফেলে। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জোয়ারদার বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের কাছে চালানের একটি কপি পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্তে নেমেছি।’