চোরাই মসলাবোঝাই ট্রাক আটক না করার অভিযোগে এসআই বরখাস্ত
চোরাই মসলাবাহী একটি ট্রাক আটক না করার অভিযোগে ফেনীর গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে ওই ট্রাকটি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তার নাম জহিরউদ্দিন মো. তৈমুর আলী।গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন খোরশেদ আলম, মো. আবদুল্লাহ ও ট্রাকচালক মোহাম্মদ মামুন। তাঁদের বিরুদ্ধে ভুজপুর থানায় একটি মামলা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার ৯০ বস্তা জিরা ও ১৯ বস্তা কিশমিশবোঝাই একটি ট্রাক ফেনীর মহিপাল এলাকা পার হচ্ছিল। চোরাই পথে আসা মসলাগুলো জব্দ না করে ট্রাকটি ছেড়ে দেন এসআই জহিরউদ্দিন মো. তৈমুর আলী। গাড়ি ছেড়ে দেওয়ার বিষয়টি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ (ডিআইজি) পরিদর্শকের নজরে আসে। এরপর ডিআইজি ফেনীর পুলিশ সুপারকে (এসপি) এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।জানতে চাইলে ফেনীর এসপি পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘মসলাবোঝাই ট্রাক জব্দ না করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারি। এরপর আমি ট্রাকটি আটক করতে চট্টগ্রামের পুলিশকে বলি। মঙ্গলবার রাতে পুলিশ মসলাবোঝাই ট্রাকটি আটক এবং তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই জহিরউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে বার্তা পেয়ে ফটিকছড়ির ভুজপুর থানা এলাকা থেকে মসলাবোঝাই ট্রাকটি আটক এবং তিনজনকে গ্রেপ্তার করি।’