চোরাই মোটরসাইকেল কুরিয়ারে আনা-নেওয়া
রাজশাহী থেকে চুরি করা মোটরসাইকেল কুরিয়ারের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। একইভাবে ঢাকা থেকে মোটরসাইকেল আনা হয় রাজশাহীতে। কুরিয়ারে বুকিং দেওয়ার জন্য তাদের কাছে আলাদা নম্বরপ্লেট থাকে এবং তার অনুকূলে নিবন্ধনের কাগজপত্রও প্রস্তুত থাকে। রাজশাহীতে প্রতিদিন গড়ে দুটি করে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।পুলিশের ভাষ্যমতে, ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন ছাত্র মিলে মোটরসাইকেল চুরির একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের এক সদস্য গত বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তারের পর তাঁকে রাজশাহীতে আনা হয়। তিনিই পুলিশকে এসব তথ্য দিয়েছেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তরুণের নাম মনিরুজ্জামান ওরফে মনি (২১)। তাঁর বাড়ি রাজশাহী নগরের নতুন বিলশিমলা এলাকায়। মনিরুজ্জামান ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঢাকা পলিটেকনিকে পড়ার আড়ালে তাঁরা এই ব্যবসা করেন। তাঁরা মোটরসাইকেল চুরি করে বিলাসবহুল জীবন যাপন করছেন।পুলিশের দেওয়া তথ্যমতে, রাজশাহীতে প্রতিদিন গড়ে দুটি করে মোটরসাইকেল চুরি হচ্ছে। এসব ঘটনায় অধিকাংশ মোটরসাইকেল মালিকেরা থানায় মামলা করেন না। ১২ জুলাই রাজশাহী রেলস্টেশনের সামনে থেকে নগরের ষষ্ঠিতলা এলাকার আশিক নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি হয়। তিনি স্টেশনের সামনে মোটরসাইকেল রেখে ভেতরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নেই। একই দিন উপশহর মসজিদের সামনে থেকে ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ফয়সাল জামানের একটি মোটরসাইকেল চুরি যায়। ১৩ জুলাই দিবাগত রাতে রাজশাহীর বাঘায় পুলিশ বক্সের সামনে থেকে পর পর দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটির মালিক কুষ্টিয়ার ভেড়ামারার আরিফুল ইসলাম এবং অপরটির মালিক বাঘা উপজেলার বাউসা গ্রামের জাহাঙ্গীর হোসেন। ১৪ জুলাই নগরের উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরের ৪৬ নম্বর বাড়ির নিচ থেকে আতিকুল ইসলাম নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি যায়।ওসি আলমগীর হোসেনের বলেন, মনিরুজ্জামান ও তাঁর সহযোগীরা ১৪ জুলাই রাজশাহী থেকে আতিকুল ইসলামের ইয়ামাহা ভার্সন-২ মডেলের একটি মোটরসাইকেল চুরি করেন। গাড়িটি নাটোর নিয়ে তাঁরা এর নম্বরপ্লেট পাল্টান। গাড়িটির প্রকৃত নম্বর ছিল ঢাকা মেট্রো ল-১২-৫৭৬৩। তাঁরা নাটোরে সুন্দরবন কুরিয়ারে বুকিং দেওয়ার সময় নম্বর পাল্টে ৫৭৬৩-এর জায়গায় ৩৭৬৩ নম্বরের একটি প্লেট লাগান। এর অনুকূলে আগে থেকেই প্রস্তুত করা নিবন্ধনের কাগজপত্র দেখানো হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মুঠোফোন ট্র্যাকিং করে মনিরুজ্জামানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। ঢাকায় শান্তিনগর মোড় থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে রাজশাহীর চুরি হওয়া সেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে রাজশাহীতে নিয়ে আসা হয়।আলমগীর হোসেন দাবি করেন, জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান স্বীকার করেছেন, ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে তাঁর কয়েকজন বন্ধু আছেন। তাঁরা সবাই মিলে মোটরসাইকেল চুরির এই সিন্ডিকেটটি দুই বছর ধরে চালাচ্ছেন। ইতিমধ্যে তাঁরা রাজশাহী-ঢাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১০টি মোটরসাইকেল আনা-নেওয়া করেছেন।