চোরাই মোটরসাইকেল কয়েক হাত ঘুরে যায় মিয়ানমারে
চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোটরসাইকেল কয়েক হাত ঘুরে মিয়ানমারে পাচার হচ্ছে। চোরচক্রের ছয়জন গ্রেপ্তার হওয়ার পর গতকাল শনিবার দুপুরে ডবলমুরিং থানা ভবনে তাঁরা সাংবাদিকদের এই তথ্য দেন। হালিশহর থানার পুলিশ সদস্যরা দুই দিন চট্টগ্রামের বোয়ালখালী ও লোহাগাড়া এবং কক্সবাজারে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেন। গতকাল শনিবার দুপুরে ছয়জনকে সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ। চোরাই মোটরসাইকেল মিয়ানমারে পাচারে ১০ জনের একটি সিন্ডিকেট সক্রিয় বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেল চোরচক্রের দলনেতা হলেন মুরাদ খান ওরফে বাবর (২৫) ও অসীম চক্রবর্তী। এই দলের গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন মোহাম্মদ রুবেল, মেহেদী হাসান, মোহাম্মদ আইয়ুব ও সাদ্দাম হোসেন। হালিশহর থানার পুলিশ পরিদর্শক মুস্তাফিজ ভূঁইয়া গতকাল সাংবাদিকদের বলেন, লোহাগাড়ার আমিরাবাদে চোরাই মোটরসাইকেল কেনাবেচার একটি সিন্ডিকেট সক্রিয়। নগরে মোটরসাইকেল চুরির পর তা বাবরের মাধ্যমে বোয়ালখালীর দাদা হিসেবে পরিচিত অসীম চক্রবর্তীর কাছে পাঠিয়ে দেওয়া হয়। পরে তা লোহাগাড়ার আমিরাবাদ হয়ে কক্সবাজারে যায়। সেখান থেকে পাচার হয় মিয়ানমারে।