চোরাই মোটরসাইকেলের রমরমা ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্তে ভারত থেকে চোরাইপথে আসা মোটরসাইকেলের রমরমা ব্যবসা চলছে।
সম্প্রতি সরেজমিনে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বটুলিতে পণ্য আমদানি-রপ্তানির সুবিধার্থে ভারতের সঙ্গে সংযোগকারী একটি বেইলি সেতু রয়েছে। গভীর রাতে ওই সেতু দিয়ে চোরাকারবারীরা ভারতীয় মোটরসাইকেল পাচার করে। ব্র্যান্ড ও মডেলভেদে এসব মোটরসাইকেল ৭০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হয়। পাচার হওয়ার পর এসব মোটরসাইকেলের পেছনে বাংলাদেশি মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর ‘অন টেস্ট (পরীক্ষামূলক)’ লেখা স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর তাদের টহল দল ধাওয়া করে ভারত থেকে চোরাইপথে আনা ‘পালসার’ মডেলের একটি মোটরসাইকেল আটক করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। পরে মোটরসাইকেলটি স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মোটরসাইকেল পাচারে ভারতের সীমান্ত এলাকায় বসবাসকারী কিছু লোকের সঙ্গে স্থানীয় ও উপজেলা সদরের একটি চক্র জড়িত। সিলেটের বিয়ানীবাজার, বিশ্বনাথ ও শ্রীমঙ্গল এলাকার লোকজন প্রায়ই মোটরসাইকেল কিনতে বটুলি সীমান্তের পাশের ফুলতলা বাজারে যান। সেখানে গোপন স্থানে পছন্দ ও দর-কষাকষি করে মোটরসাইকেল বেচাকেনা চলে।
বেচাকেনায় মধ্যস্থতাকারী এক মোটরসাইকেল মেকানিক বলেন, ‘দেশে সাইকেলের দাম বেশি। ইখানে (বটুলি) সস্তায় পাওয়া যায়। বেচরা-কিনরা (বিক্রেতা-ক্রেতা) দুইয়েরই ভালা লাভ অয়। লাভের অংশ থেকে আমরাও কিছু পাই।’
উপজেলা সদরে অবস্থিত মোটরসাইকেল বিক্রির কয়েকটি প্রতিষ্ঠানের মালিক এ প্রতিবেদককে জানান, তাঁরা যেসব সাইকেল বিক্রি করেন সেগুলোর বিক্রয় রশিদ তাঁদের কাছে রয়েছে। চোরাকারবারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের ‘ভুয়া’ স্টিকার ব্যবহার করেন বলে তাঁদের ধারণা।
বিজিবির ৫২ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্পের অধিনায়ক সুবেদার গোলাম মোস্তফা বলেন, বটুলি দিয়ে মাঝেমধ্যে লুকিয়ে দুই-একটি মোটরসাইকেল পাচার হয়। বটুলি গ্রামের কিছু লোক এ কাজে জড়িত বলে জানা গেছে। তাঁদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে মোটরসাইকেল পাচার ও বেচাকেনার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা প্রায়ই অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র পরীক্ষা করি। তখন ত্রুটি পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।’