চোরাই শাড়ি উদ্ধারের পর ভাগাভাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলস্টেশনে একটি ট্রেনে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে। বেশির ভাগ শাড়ি ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। পুলিশ এবং স্থানীয় একটি সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেন থেকে মালিকবিহীন ১৪ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। শাড়িগুলো রাতে সদর থানায় এনে গণনা করা হয়। গণনার পর জিআরপি থানার কাছে ১৪৪টি বুঝে দেওয়া হয়। বাকিগুলো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অভিযানে অংশগ্রহণকারী পুলিশদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া হয়।অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, জিআরপি থানার পুলিশ শাড়িগুলো গণনা করেছেন। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরসালিন মিয়া বলেন, ‘উদ্ধার করা শাড়িগুলো রাতে সিরাজগঞ্জ সদর (বেঙ্গল) থানায় নিয়ে আসার পর সদর থানার পুলিশ গণনা করে আমার কাছে ১৪৪ পিস শাড়ি বুঝিয়ে দেয়।’