চোরাইপথে আনা দুটি ট্রলার আটক
কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকা থেকে দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোস্টগার্ড। অবৈধভাবে থাইল্যান্ড থেকে নিয়ে আসার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ট্রলার দুটি আটক করা হয়।
আটক ট্রলার দুটি হচ্ছে এফবি সাদিয়া-১ ও এফবি জ্যোতিকা। ট্রলারের কর্মচারীরা জানান, সাদিয়া-১ ট্রলারের মালিক মো. ইসমাইল এবং জ্যোতিকা ট্রলারের মালিক মনোয়ার হোসেন, নুরুন নবী ও আমিনুল ইসলাম।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার কাপ্টেন শহীদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘ট্রলার দুটির নিবন্ধন, আমদানি কিংবা রাজস্ব পরিশোধের কোনো নথিপত্র পাওয়া যায়নি। বিশাল ট্রলার দুটি থাইল্যান্ড থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’
কোস্টগার্ড সূত্র জানায়, কাঠের তৈরি বিশাল ট্রলার দুটির প্রতিটির দাম কোটি টাকার ওপরে। একটি চক্র চোরাইপথে ট্রলার এনে সমুদ্রে মাছ ধরার প্রয়োজনীয় অনুমতি নেওয়ার চেষ্টা করে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কোস্টগার্ড জানায়। সামুদ্রিক মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মানুযায়ী ট্রলার কেনার জন্য লাইসেন্স থাকতে হয়। এরপর নানা দালিলিক কাজ শেষে মাছ ধরার অনুমতিপত্র নিতে হয়। গতকাল আটক করা ট্রলার দুটির এসব কিছুই পাওয়া যায়নি। মালিকপক্ষও কোস্টগার্ডের ডাকে সাড়া দেয়নি।