চোরাইপথে আসছে ভারতীয় চা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চোরাইপথে আসা ভারতীয় চায়ের জমজমাট ব্যবসা চলছে। দেশি চায়ের তুলনায় দাম কম হওয়ায় উপজেলার হাটবাজার ও গ্রামগঞ্জের চায়ের দোকানদারেরা এই চায়ের পাতা ব্যবহার করছেন।
চায়ের দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চোরাইপথে আসা ভারতীয় চা-পাতার দাম অনেক কম। এই চা-পাতা নিম্নমানের। এতে কৃত্রিম রং ও ভেজাল রয়েছে।
রং মেশানো থাকায় অল্প পরিমাণে চা-পাতা ব্যবহার করলেই চায়ের রং হয় বেশ সুন্দর ও লোভনীয়। তাই চায়ের দোকানদার ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা দেদার এই চা-পাতা ব্যবহার করছেন।
এই চা পান করলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে চোরাইপথে আসা ভারতীয় এই চা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পি কে দাস বলেন, রং মেশানো চা পান করলে জন্ডিস, চর্ম, কিডনি, ক্যানসারসহ বিভিন্ন রোগ হতে পারে।
উপজেলার কয়েকজন ব্যবসায়ী জানান, উপজেলার সীমান্তের কুচলিবাড়ী ইউনিয়নের কলসীরমুখ; বাউড়া ইউনিয়নের সফিরহাট ও জমগ্রাম; বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী, মুগলিবাড়ী; জগৎবেড় ইউনিয়নের মুন্সিরহাট ও হরিরহাট এবং জোংড়া ইউনিয়নের সরকারের হাট দিয়ে প্রতিদিনই ভারত থেকে আসছে কয়েক হাজার কেজি খোলা ও এক কেজি ওজনের চা-পাতার প্যাকেট। দেশের নামীদামি কোম্পানির চা-পাতার তুলনায় ভারতীয় এই চায়ের দাম অর্ধেকের কম।
মুদি দোকানদার আক্তার বলেন, গত শীত মৌসুমের শুরুতে পাটগ্রাম উপজেলায় যে পরিমাণে চা বিক্রি হয়, সে তুলনায় এ বছর বিক্রির পরিমাণ অর্ধেকের কম। ভারত থেকে আসা রং মেশানো ভেজাল ও নিম্নমানের চায়ের কারণে দেশি কোম্পানির চা বিক্রি হচ্ছে না।
কয়েকজন হোটেল-মালিক জানান, ভারত থেকে চোরাইপথে আসা এসব চা-পাতায় রং মেশানো থাকে। দেশি চায়ের তুলনায় এর দাম কম। অপরদিকে রং মেশানো থাকায় অল্প চা-পাতা ব্যবহার করেই অনেক বেশি পরিমাণে চা তৈরি করা যায়। এই চায়ের রং হয় বেশ সুন্দর ও লোভনীয়। তবে বেশি দেরি হলে রং কালো হয়ে যায়।
বিজিবির কয়েকজন সদস্য বলেন, স্থানীয় মানুষ সহযোগিতা না করলে এবং সচেতন না হলে এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।