চোরাইপথে তরমুজ, চাষিরা লোকসানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে এবার তরমুজের ফলন ভালো হলেও চোরাইপথে মিয়ানমার থেকে প্রচুর পরিমাণ তরমুজ আসায় লোকসানে পড়েছেন স্থানীয় চাষিরা। একই সঙ্গে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব হারাচ্ছে।উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে টেকনাফে প্রায় আট হাজার একর জমিতে তরমুজের চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার একর বেশি। ভালো দামের আশায় যাঁরা আগাম চাষ করেছিলেন, শীতের কারণে তাঁরা ভালো দামে তরমুজ বিক্রি করতে পারেননি। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গরম বাড়ার সঙ্গে সঙ্গে যখন তরমুজের চাহিদা বাড়া শুরু করে, ঠিক তখনই কিছু অসাধু ব্যবসায়ী মিয়ানমার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাইপথে মিয়ানমারের তরমুজ নিয়ে আসছেন। টেকনাফের চৌধুরীপাড়া, ওয়াব্রাং, জাদিমুরা, দমদমিয়া, কানজরপাড়া, মিনাবাজার, খারাংখালী, ঝিমংখালী, লম্বাবিল, উনছিপ্রুং, উলুবনিয়া, মৌলভীপাড়া, নয়াপাড়া ও ঝিনাপাড়া দিয়ে প্রতিদিন চোরাইপথে মিয়ানমার থেকে তরমুজ আসছে।টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আনোয়ার মাসুম প্রথম আলোকে বলেন, বিগত বছরের তুলনায় এবার মিয়ানমার থেকে তরমুজ আমদানি কম হচ্ছে। চোরাইপথে মিয়ানমার থেকে তরমুজ আসায় স্থানীয় চাষিদের পাশাপাশি সরকার প্রচুর পরিমাণে রাজস্ব হারাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পাচার হয়ে আসার সময় ১৫ লাখ টাকা মূল্যের তরমুজ জব্দ করে শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির জওয়ানদের টহল জোরদার করা হয়েছে।