চোরাকারবারি গ্রেপ্তার, হিলি সীমান্তে কংগ্রেসের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় এক নাগরিককে মাদকদ্রব্যসহ বাংলাদেশের জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে হিলি স্থলবন্দরের ওপারে ভারতের জাতীয় কংগ্রেস দলের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি ও দুই ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করেছেন।দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই ধর্মঘট পালিত হয়। এতে বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি দুই ঘণ্টা বন্ধ থাকে। আতিয়ার রহমান (৪২) নামে ভারতীয় ওই নাগরিকের মুক্তি দেওয়া না হলে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। আতিয়ারের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পূর্ব আপ্তরই গ্রামে। জয়পুরহাট-৩ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) কার্যালয়ের তথ্যানুযায়ী, আতিয়ার রহমান সন্ত্রাসী ও চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। গত বুধবার দুপুরে তিনি ভারত থেকে হাড়িপুকুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে জয়পুরহাটের ওপর দিয়ে বাসে করে বগুড়া যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে জয়পুরহাট শহর থেকে আটক করা হয়। পরে তাঁর দেহে তল্লাশি চালিয়ে গাঁজা, ভারতীয় ইনজেকশন, বড়ি ও ভারতীয় জাল একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় আতিয়ারের বিরুদ্ধে বুধবার রাতেই জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আতিয়ারকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ভারতের হাড়িপুকুর গ্রামের দুই শতাধিক বাসিন্দা ও কংগ্রেস দলের স্থানীয় নেতা-কর্মী-সমর্থকেরা গতকাল সকাল থেকে ভারতের হিলিতে মিছিল করেন। এ সময় বিক্ষোভকারীরা মিছিল নিয়ে হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় আসেন এবং অবস্থান ধর্মঘট পালন করেন। এতে ওই চেকপোস্ট দিয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি ও পাসপোর্টধারী যাত্রীসাধারণের চলাচল বন্ধ থাকে। স্থানীয় বাংলাদেশি ও বিজিবির সদস্যরা জানান, সীমান্তের শূন্যরেখায় বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করা হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশ নিশ্চুপ ছিল। আতিয়ারকে গ্রেপ্তারের পরের দিন বৃহস্পতিবার একই স্থানে একই দাবিতে ভারতীয়রা বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেন। সেদিনও ওই বন্দর দিয়ে দেড় ঘণ্টা পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ভারতের হিলি থানার কংগ্রেসের সেক্রেটারি দুলাল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আতিয়ার বৈধ পাসপোর্ট নিয়ে গত ৩১ আগস্ট সকালে বাংলাদেশে ঢোকেন। কিন্তু জয়পুরহাট বিজিবি তাঁকে অন্যায়ভাবে আটক করে। আমরা তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া না হলে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করাসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে।’ বিজিবির জয়পুরহাট-৩ অপারেশন অফিসার মেজর হাসানুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ভারতীয় আতিয়ার রহমান সন্ত্রাসী ও চোরাকারবারি। তাঁকে বাঁচানোর জন্য কিছু সন্ত্রাসী ও চোরাকারবারি তাঁর পক্ষ নিয়ে এই বিক্ষোভ করেছে। সীমান্তের শূন্যরেখায় সমাবেশ করা বেআইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।বাংলাদেশ হিলি স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার মো. মিনহাজ উদ্দীন পাহলোয়ান গতকাল বন্দর দিয়ে দুই ঘণ্টা পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করেছেন।আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার আতিয়ারকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আতিয়ার বর্তমানে জয়পুরহাট জেলা কারাগারে বন্দী আছেন।