জাতীয়করণের দাবিতে এবার ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার মহিলা কলেজের ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করেন আন্দোলনরত ছাত্রীরা।
এদিকে কলেজ জাতীয়করণের দাবিতে ছাত্রীরা ‘মাননীয় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি’ শীর্ষক একটি প্রচারপত্র কলেজে বিতরণ করেন। এতে উল্লেখ করা হয়, নানা প্রতিকূলতার মধ্যেও এ কলেজে একাদশ থেকে স্নাতক (সম্মান) শ্রেণি পর্যন্ত ছাত্রীরা পড়ছেন। এখানকার অনেক শিক্ষার্থী দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের। চট্টগ্রাম নগরে একটিমাত্র সরকারি মহিলা কলেজ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে সরকারি সুবিধায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে অধিকাংশ শিক্ষার্থী বঞ্চিত হচ্ছেন। নগরের আরও একটি মহিলা কলেজ সরকারি করা খুব জরুরি।
আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীরা বলেন, কলেজ কর্তৃপক্ষ জাতীয়করণের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। সে আশ্বাসের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। আপাতত প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠানো হবে না। তবে কলেজ জাতীয়করণের ব্যাপারে ১০ ফেব্রুয়ারির মধ্যে সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া না গেলে এরপর প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠানো হবে।
কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারির শুরুর দিকে কলেজের পরিচালনা পরিষদের সভা আহ্বান করা হবে। সেখানে পরিষদের সভাপতি ও স্থানীয় সাংসদ জিয়াউদ্দিন আহমেদকে কলেজ জাতীয়করণে ছাত্রীদের দাবির বিষয়টি অবহিত করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে কলেজ জাতীয়করণ করা সম্ভব হবে।
গত সোমবার জাতীয়করণের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন ছাত্রীরা। মঙ্গলবার এ দাবিতে তাঁরা চট্টগ্রামের জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। বুধবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এ কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও তিনটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। ছাত্রীর সংখ্যা প্রায় দুই হাজার।