চোরাকারবারিদের দৌরাত্ম্য বাড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চট্টগ্রামমুখী সুবর্ণ এক্সপ্রেসের সময়সূচি এক ঘণ্টা ১০ মিনিট পেছানো হচ্ছে। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ১১টার দিকে। ফলে যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরার পাশাপাশি মাঝপথে চোরাকারবারিদের দৌরাত্ম্য বাড়ার আশঙ্কা রয়েছে। আগামী ১ এপ্রিল থেকে নতুন সূচি কার্যকর হওয়ার কথা। রেলওয়ে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের নতুন সূচিসংবলিত বইটির এখন ছাপানোর কাজ চলছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেল ভবনে অতিরিক্ত মহাপরিচালক মো. শাহজাহানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে চলাচলকারী বিভিন্ন ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়। সূচি অনুযায়ী, চট্টগ্রামমুখী সুবর্ণ এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় নির্ধারণ করা হয় বিকেল সাড়ে তিনটা থেকে পিছিয়ে চারটা ৪০ মিনিট।এ ছাড়া গোধূলি এক্সপ্রেস তিনটা ২০ মিনিটের পরিবর্তে তিনটা ৫০ মিনিট করা হয়। নতুন সূচি সম্পর্কে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. বেলাল উদ্দিন বলেন, ‘নতুন সূচি হয়েছে, জেনেছি। ওটা ঢাকা থেকেই হয়েছে। আমরা শুধু বাস্তবায়ন করব। এখন সূচিটি ছাপানোর কাজ চলছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পূর্বাঞ্চলের একজন কর্মকর্তা বলেন, রেলওয়ে পূর্বাঞ্চল কুমিল্লা থেকে আখাউড়া এলাকাটিকে ক্রাইম জোন হিসেবে চিহ্নিত করেছে। এ প্রসঙ্গে পূর্বাঞ্চলের সহকারী প্রধান অপারেশন সুপারিনটেনডেন্ট মো. ওমর ফারুক বলেন, ‘কুমিল্লা থেকে আখাউড়া পর্যন্ত জোনটি ক্রাইম জোন।ওই এলাকায় এক বছরে বিভিন্ন ট্রেনে ডাকাতি ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ছাড়া নিরাপত্তাকর্মীদের অপর্যাপ্ততার কারণে ওই এলাকা থেকে মাদকদ্রব্যও ওঠানোর অভিযোগ রয়েছে। তবে সুবর্ণ এক্সপ্রেস বিরতিহীন। যদি কেউ চেইন না টানে, তাহলে কোনো সমস্যা হবে না।’ নতুন সূচি অনুযায়ী রাতে এসব এলাকা পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেস চোরাকারবারিদের লক্ষ্যে পরিণত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। চেইন টেনে রাতের আঁধারে মাদকদ্রব্য পরিবহনের প্রবণতা বাড়বে বলে তাঁরা মনে করছেন। চেইন টানা হলে প্রতিবার কমপক্ষে ১৫ মিনিট বিলম্ব হয় বলে জানা গেছে।এ ছাড়া ট্রেনটির চট্টগ্রামে পৌঁছানোর সময় ১০টা ৪০ মিনিট। ১০-১৫ মিনিট এদিক-সেদিক হলে ট্রেন থেকে যাত্রীদের নামতে নামতে বেজে যায় ১১টা। ওই সময়ে যাত্রীদের রিকশা-অটোরিকশায় করে নিরাপদে ঘরে ফিরতে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, প্রথম দিকে সুবর্ণ ঢাকা থেকে ছেড়ে যেত বিকেল পাঁচটা ১০ মিনিটে। চট্টগ্রামে পৌঁছার সময় ছিল সাড়ে ১০টা। পরবর্তী সময়ে ট্রেনের গতি কমে যাওয়ায় ছাড়ার সময় এগিয়ে চারটা ২০ মিনিট করা হয়। এতে সেই একই সমস্যা দেখা দেয়। সন্ধ্যার পর আখাউড়া পার হওয়ার সময় ট্রেনের চেন টেনে মাদকদ্রব্য তোলা হয় কয়েকবার।