চোরাকারবারিদের পিটুনিতে বিজিবির দুই সদস্য আহত
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজারের ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাই পথে মসলা বহনকারী সিএনজিচালিত অটোরিকশা তাড়া করতে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন বিজিবির দুই সদস্য। গতকাল সোমবার বেলা ১১টায় নগরের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে টাস্কফোর্সের সদস্যরা চকবাজার এলাকার বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে ২৯০ বস্তা ভারতীয় মসলা উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর সাব্বির আহমেদ প্রথম আলোকে জানান, গতকাল সকাল থেকে বিজিবির ছয় সদস্যের একটি টহল দল কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। ওই সময় কুমিল্লা-থ-১১-৬৩৭১ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা বালুতুপা এলাকা দিয়ে নগরের দিকে যাচ্ছিল। বিজিবির টহল দল অটোরিকশাকে দাঁড়াতে বললে তা দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এরপর বিজিবির সদস্যরা ওই বাহনের পেছনে ছোটেন। নগরের চকবাজার এলাকায় অটোরিকশাটি থেমে যায়। সেখানে অবস্থানরত চোরাকারবারিরা লাঠিসোঁটা নিয়ে বিজিবির সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় বিজিবির হাবিলদার আবু তাহের ও সিপাহি রফিকুল ইসলাম আহত হন। খবর পেয়ে ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিজিবির বিপুলসংখ্যক সদস্য চকবাজার এসে আহত সদস্যদের উদ্ধার করেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে চকবাজারের ব্যবসায়ী অমর চন্দ্র সাহার ছেলে শান্ত সাহা ও নির্মল সাহার ছেলে সতম সাহাকে গ্রেপ্তার করা হয়। এদিকে বিজিবির সদস্যদের ওপর হামলার পরপরই টাস্কফোর্সের সদস্যরা চকবাজার এলাকার বিভিন্ন দোকানে তল্লাশি চালান। ওই সময় টাস্কফোর্স চকবাজারের শাহাদাতের মনিহারি দোকানসহ আটটি দোকান থেকে ২৯০ বস্তা ভারতীয় জিরা, গোলমরিচ, এলাচ ও কিশমিশ উদ্ধার করে। টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় কুমিল্লার নির্বাহী হাকিম জাকির হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ, কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল্লাহ ও দৈনিক চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু ছালেক উপস্থিত ছিলেন। ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আখতারুজ্জামান বলেন, মঙ্গলবার (আজ) থেকে নিয়মিত চকবাজার এলাকায় বিজিবির সদস্যরা টহল দেবেন। একই সঙ্গে চোরাই পথে আনা পণ্য উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বিজিবির সদস্যদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক করা মালামাল কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে।